• বসিরহাটে ৫০ জনের ‘কাটমানি’ ফেরালেন পঞ্চায়েত সদস্যের স্ত্রী
    বর্তমান | ১১ জুন ২০২৬
  • সংবাদদাতা, বসিরহাট: নাম ডেকে টিপসই করে ‘কাটমানি’ ফেরত দিলেন পঞ্চায়েত সদস্যের স্ত্রী। আজ বুধবার বসিরহাট মহকুমার বসিরহাট ১ নম্বর ব্লকের সাকচূড়া বাগুণ্ডি গ্রাম পঞ্চায়েতের ইটিন্ডা ৫৬ নম্বর বুথের ঘটনা। আট দিন আগে তৃণমূলের পঞ্চায়েত সদস্য দুলাল দাসের বাড়িতে চড়াও হয়েছিলেন গ্রামবাসীরা। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুলাল দাসকে বসিরহাট থানার পুলিশ গ্রেপ্তার করে। তিনি এখন জেল হেপাজতের রয়েছেন।

    এলাকাবাসীর অভিযোগ, তাঁদের কাছ থেকে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে পাঁচ থেকে ২০ হাজার পর্যন্ত টাকা নিয়েছেন তৃণমূলের এই পঞ্চায়েত সদস্য। প্রতিবাদ বিক্ষোভের পর গ্রেপ্তার করা হয়েছে ওই সদস্যকে। তারপরই পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নেন, কাটমানি ফিরিয়ে দেওয়া হবে। সেইমত আজ বুধবার নামের তালিকা বের করে ডেকে ডেকে হাতে আবাস যোজনার কাটমানি ফেরত দিয়ে দেন। বসিরহাট ৫ নম্বর বিজেপির মণ্ডলের সভাপতি টুকাই পাল ও সম্পাদক তপন সরকারের উদ্যোগে প্রায় ৫০ জনের হাতে টাকা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। টাকা পেয়ে খুশি সকলেই। যেসব উপভোক্তারা টাকা ফেরত পেয়েছেন তাঁরা খুশি। এখনও যাদের টাকা বাকি আছে, ধাপে ধাপে সেই টাকা ফিরিয়ে দেবেন বলে জানিয়েছেন তৃণমূল সদস্যের স্ত্রী মীরা দাস। মীরা বলেন, আবাস যোজনার ঘরের জন্য যাঁদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল, তাঁদের ফিরিয়ে দেওয়া হয়েছে। আমার স্বামী এখন জেলে রয়েছেন। টাকা ফেরত দেওয়া হলে, পুলিশ ওকে ছেড়ে দেবে। তৃণমূল সদস্যের দাদা তপন দাস বলেন, একটি বৈঠক হয়েছিল যাদের কাছে অর্থ নেওয়া হয়েছিল তাদেরকে আমরা ফেরত দিচ্ছি যাতে আমার ভাই ছাড়া পায়। কাটমানির টাকা ফেরত পেয়ে খুশি ইটিণ্ডার ৫৬ নম্বর বুথের বাসিন্দারা। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)