ভিখারির ছদ্মবেশে দিনেদুপুরে ঘরে ঢুকে তাণ্ডব, চুরি করতে গিয়ে হাতেনাতে পাকড়াও ৩ মহিলা
News18 বাংলা | ১১ জুন ২০২৬
ভিখারীর ছদ্মবেশে গৃহস্থের বাড়ি থেকে সব লুটে নেওয়ার চেষ্টা। চুরি করতে গিয়ে হাতেনাতে পাকড়াও ৩ মহিলা। ভিখারীর ছদ্মবেশে বাড়িতে প্রবেশ। তারপর তালা বন্ধ ঘরে চাবি খুলে প্রবেশ। আলমারি বিছানা ঘেঁটে জিনিসের খোঁজ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয়রা অভিযুক্তদের ধরে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনাটি ঘটে, হাওড়া জেলার জগৎবল্লভপুর থানার অন্তর্গত মাজু অঞ্চলের যাদবপার্টি ধর্মতলা এলাকায়।
জানা যায়, তিন মহিলা একটি শিশুকে সঙ্গে এলাকায় ঘুরছিলেন ভিখারীর বেশে। এরপর সুযোগ বুঝে হঠাৎ চোখের আড়ালে এলাকার বাসিন্দা আশা অধিকারীর বাড়িতে প্রবেশ করে তারা। অভিযোগ, বাড়ির দরজা পেরিয়ে ভিতরে ঢুকে চাবি হাতরে দরজা খুলে ঘরের ভিতরে প্রবেশ করে তারা। আলমারি বিছানাপত্র ও অন্যান্য সামগ্রী হাতড়ে সব কিছু লণ্ডভণ্ড করে। চুরির চেষ্টা করা হয় বলে অভিযোগ।
ঘর থেকে বের হবার মুহূর্তে এক সদস্য বাড়িতে চলে আসায় নজরে পড়ে ঘটনা। চিৎকার করে প্রতিবেশীদের ডাকেন। তাঁর চিৎকারে এলাকাবাসী ছুটে আসেন। দেখেন ওই বাড়িতে তিনজন অচেনা মহিলা। কী কারণে তারা হাজির হয়েছে, তার কোনও উত্তর দিতে পারেনি অভিযুক্তরা। তিনজনকে আটকে রাখে গ্রামের মানুষ। খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিরাও ঘটনাস্থলে পৌঁছন। জগৎবল্লভপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়।
স্থানীয়দের সহযোগিতায় আটক তিনজনকে নিজেদের হেফাজতে নিয় পুলিশ। ঠিক কী উদ্দেশ্যে তারা বাড়িতে প্রবেশ করেছে, তা জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনার প্রকৃত কারণ এবং অভিযুক্তদের উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।