কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে ১০ জনপথে বুধবার দীর্ঘক্ষণ বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগের দিনই সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় রাজনীতিতে বুধবার থেকেই জল্পনা শুরু হয়, কংগ্রেসের সঙ্গে তৃণমূল কি মিশে যাবে? এই জল্পনা সম্পূর্ণ ‘ভুয়ো’ বলে বৃহস্পতিবার দাবি করলেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল।
দিল্লির ইন্দিরা ভবনে এ দিন কংগ্রেসের সব প্রদেশের সভাপতি ও সাধারণ সম্পাদককে নিয়ে বৈঠক করেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। দেশে মূল্যবৃদ্ধি, বেকারত্ব, নিট কেলেঙ্কারি ও অন্যান্য গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা হয়। তবে এ দিনের বৈঠকে তৃণমূল কংগ্রেস সংক্রান্ত কোনও বিষয় নিয়ে আলোচনা হয়নি বলে দাবি করেন ভেনুগোপাল।
সংবাদমাধ্যমের উদ্দেশে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, ‘বিভিন্ন সংবাদমাধ্যমে একটি খবর দেখানো হয়েছে। এই খবর সম্পূর্ণ ভুয়ো। সনিয়া গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ৪০ বছরের ব্যক্তিগত সম্পর্ক। তাঁদের মধ্যে অনেক কথা হয়েছে। যা আপনারা বলছেন, সেই সব বিষয় নিয়ে কোনও আলোচনা হয়নি।’
কংগ্রেস হাইকমান্ডের বৈঠকে ঠিক হয়েছে, আগামী দু-তিন মাসের মধ্যে দেশজুড়ে কংগ্রেস আন্দোলনে নামছে। দেশের অর্থনৈতিক অবস্থার অবক্ষয়, নিত্য প্রয়োজনীয় জিনিসের দামবৃদ্ধি, সাধারণ মানুষের সমস্যা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তোলা হবে। কয়েকদিনের মধ্যেই এই কর্মসূচির নাম, সময়সূচি জানিয়ে দেওয়া হবে কংগ্রেসের তরফে।