• শিলিগুড়ির চিকেন’স নেকে রহস্যময় ড্রোন উদ্ধার!
    আজকাল | ১১ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: শিলিগুড়ির করিডর বা চিকেন’স নেক করিডরের অন্তর্গত ফুলবাড়ি সীমান্তবর্তী এলাকায় উড়ে এসে পড়ল একটি রহস্যময় ড্রোন। ড্রোনটি দেখতে পেয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। হঠাৎ সীমান্ত সংলগ্ন এলাকায় অজ্ঞাত উৎসের ড্রোন পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে শিলিগুড়ির এনজেপি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ড্রোনটি উদ্ধার করে। এরপর সেটি পরীক্ষা করে দেখার পাশাপাশি ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশ।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, সীমান্তবর্তী এলাকায় এ ধরনের ঘটনা নতুন নয়। অতীতেও একাধিকবার বাংলাদেশ থেকে পরিচালিত ড্রোন নিয়ন্ত্রণ হারিয়ে সীমান্ত অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে এসে পড়ার ঘটনা ঘটেছে। তবে ফের এমন একটি ড্রোন উদ্ধার হওয়ায় নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

    ড্রোনটি কোথা থেকে উড়ে এসেছিল, কারা এটি পরিচালনা করছিল এবং এর উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। সীমান্তবর্তী এলাকার নিরাপত্তার বিষয়টিকেও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

    এই ঘটনাকে ঘিরে ফুলবাড়ি ও সংলগ্ন এলাকায় কৌতূহল ও উদ্বেগ দুই-ই তৈরি হয়েছে। তদন্তের রিপোর্ট হাতে এলেই ড্রোনটির উৎস ও উদ্দেশ্য সম্পর্কে আরও স্পষ্ট তথ্য মিলবে বলে মনে করা হচ্ছে।

    শিলিগুড়ির চিকেন’স নেক বা শিলিগুড়ি করিডোর ভারতের অত্যন্ত সংবেদনশীল ও কৌশলগত একটি অঞ্চল। এই এলাকায় সন্দেহজনক ড্রোন ও নজরদারির ঘটনা প্রায়শই বিভিন্ন ভূ-রাজনৈতিক উদ্বেগের সৃষ্টি করে। ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য রাজ্য সরকার কেন্দ্রের কাছে গুরুত্বপূর্ণ জমি হস্তান্তর করেছে, যার ফলে এই করিডোরের নিরাপত্তা আরও জোরদার করার প্রক্রিয়া চলছে।
  • Link to this news (আজকাল)