• কাঁচরাপাড়ার বেসরকারি স্কুলে ১.৭৭ কোটি টাকার পাহাড়, ‘সিক রুম’-এ মিলল কন্ডোমের প্যাকেট
    দৈনিক স্টেটসম্যান | ১১ জুন ২০২৬
  • কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের পরে এবার উত্তর ২৪ পরগনা। জানা গিয়েছে, কাঁচরাপাড়ার একটি বেসরকারি স্কুলের তালাবন্ধ ঘর থেকে প্রায় ১ কোটি ৭৭ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। শুধু তাই নয়, স্কুলের সিক রুমের একটি আলমারি থেকে কন্ডোমের প্যাকেটও পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে।

    বীজপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে কাঁচরাপাড়ার ওই স্কুলে অভিযান চালায়। ওই স্কুলে দোতলার একটি ঘর থেকে ৮টি টাকার বান্ডিল উদ্ধার হয়। সেই বান্ডিল থেকে ৩৬ লক্ষ টাকা পাওয়া যায়। রাতেই টাকা গোনার তিনটি যন্ত্র স্কুলে নিয়ে আসা হয়। এরপরে বৃহস্পতিবার ভোরে স্কুলের ওই ঘর থেকে সবমিলিয়ে ১ কোটি ৭৭ লক্ষ টাকার সন্ধান মেলে। ইতিমধ্যেই পুলিশ উদ্ধার হওয়া নগদ অর্থ বাজেয়াপ্ত করেছে।

    বিপুল পরিমাণ টাকা উদ্ধারের পরে স্কুলের ক্যাশিয়ার অভিক নাথ ও অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট সায়ন ঘোষকে পুলিশ আটক করে। অন্যদিকে, ওই স্কুলের প্রিন্সিপাল উদ্ধার হওয়া নগদ অর্থের তদন্তের দাবি জানিয়েছে। সেইসঙ্গে তিনি জানিয়েছেন, স্কুলের ভর্তির টাকা জমা ছিল। ব্যাঙ্কে সেই টাকা জমা দেওয়ার দায়িত্ব ছিল অ্যাকাউন্টস বিভাগের। কিন্তু সেই টাকা ব্যাঙ্কে জমা না দিয়ে কেন স্কুলের ওই ঘরে রাখা ছিল সেই বিষয়ে তিনি কিছু জানেন না বলে দাবি করেছেন।

    উল্লেখ্য, কিছুদিন আগেই কলকাতায় সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুম থেকে সুটকেস ভর্তি উই ধরা টাকা উদ্ধার হয়েছিল। তবে শুধু টাকা নয়, সেইসঙ্গে অস্ত্রও মিলেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার কাঁচরাপাড়ার একটি স্কুল থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ টাকা।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)