• আজ সন্ধ্যে ৬ টার আগে হাজিরা দিতে হবে অভিষেককে
    দৈনিক স্টেটসম্যান | ১১ জুন ২০২৬
  • সই জাল সংক্রান্ত মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ বৃহস্পতিবারই সিআইডির সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী, সন্ধ্যা ৬টার মধ্যে ভবানী ভবনে সিআইডি দফতরে উপস্থিত হওয়ার কথা তাঁর। বর্তমানে তিনি দিল্লিতে রয়েছেন বলে জানা গিয়েছে। বিকেল চারটে নাগাদ কলকাতায় ফিরে সরাসরি সিআইডি দফতরে যাবেন বলেই সূত্রের খবর।

    তবে আদালত অভিষেককে সাময়িক স্বস্তিও দিয়েছে। মামলার পরবর্তী শুনানি দু’সপ্তাহ পরে হলেও, এই সময়ের মধ্যে তাঁর বিরুদ্ধে কোনও কড়া বা জোরালো পদক্ষেপ করা যাবে না বলে স্পষ্ট জানিয়েছে আদালত।

    এদিকে আদালতের এই নির্দেশের মধ্যেই তৃণমূলের অন্দরে নতুন করে চাঞ্চল্য তৈরি করেছেন দলের আইনজীবী-সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়ে তিনি জানিয়েছেন, আর এই মামলায় তাঁর হয়ে সওয়াল করবেন না। শুধু তাই নয়, তাঁর ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়-সহ আইনজীবী দলের অন্য সদস্যেরাও মামলা থেকে সরে দাঁড়িয়েছেন বলে দাবি করেছেন কল্যাণ।

    সাংবাদিকদের মুখোমুখি হয়ে কল্যাণ বলেন, ‘আমি অভিষেকের মামলা ছেড়ে দিয়েছি। এই ধরনের উদ্ধত আচরণ আমি মেনে নিতে পারি না। ৪৫ বছর ধরে এই পেশায় রয়েছি। বুধবার আদালতে আমি ওর মামলার কথা উল্লেখ করেছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির যাওয়ার বিষয়টিও তুলেছিলাম। আমরা আদালতকে জরুরি ভিত্তিতে শুনানির অনুরোধ করেছিলাম।’

    এরপরই তিনি বিস্ফোরক অভিযোগ করে জানান, বুধবার গভীর রাতে তাঁর ছেলেকে ফোন করে জানানো হয় যে এই মামলায় অন্য এক আইনজীবী সওয়াল করবেন। সেই ঘটনাতেই তিনি ক্ষুব্ধ হয়েছেন। কল্যাণের কথায়, ‘আমি মমতাদিকে বলব, হয় অভিষেককে রাখুন, নয় আমাদের রাখুন। দু’জনকে একসঙ্গে রাখা সম্ভব নয়।’

    সবচেয়ে তাৎপর্যপূর্ণভাবে তিনি দাবি করেন, ‘ওর জন্যই দলটা শেষ হয়ে গেছে। তারপরও উদ্ধত ভাব যায়নি।’

    উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে তৃণমূলের একাধিক সাংসদ ও বিধায়ক প্রকাশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব ও দল পরিচালনার ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন। বিধানসভা নির্বাচনে দলের পরাজয়ের জন্যও অনেকেই তাঁর কৌশলকে দায়ী করেছেন। এমন পরিস্থিতিতে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই প্রকাশ্য ক্ষোভ রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা বাড়িয়েছে। তৃণমূলের অন্দরের মতবিরোধ এবার আরও প্রকাশ্যে চলে এল বলেই মনে করছে রাজনৈতিক মহল।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)