• হাওড়া-পুরী বন্দেভারতের স্টপেজ কি পাবে বেলদা? বিধায়কের আর্জিতে মিলল রেলমন্ত্রীর সায়, কী হবে এবার?
    News18 বাংলা | ১১ জুন ২০২৬
  • ভোট প্রচারে গিয়ে বারংবার রেলের নানা উন্নতির প্রতিশ্রুতির দাবি করেছিলেন নারায়ণগড়ের বিধায়ক রমাপ্রসাদ গিরি। পশ্চিম মেদিনীপুরের বেলদায় কেশিয়াড়ি মোড় রেলগেটের উপর ওভারব্রিজ কিংবা আন্ডারপাস, বেলদা স্টেশনকে কেন্দ্র করে দক্ষিণ ভারতগামী একাধিক দূরপাল্লার ট্রেন চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন রমাপ্রসাদ গিরি। বিধায়ক হিসেবে নির্বাচনের পর এবার একাধিক উন্নয়নমূলক কাজের জন্য রেলমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন নারায়ণগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক।

    রেলমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে রেলের একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়নের জন্য লিখিতভাবে জানিয়েছিলেন তিনি। বিধায়ক রমাপ্রসাদ গিরি জানিয়েছেন, নারায়ণগড়ের বেলদা কেশিয়াড়ি মোড়ে ২৪ নম্বর রেলগেটে উড়ালপুল নির্মাণ ও সাবওয়ে নির্মাণের বিষয়ে লিখিতভাবে আবেদন জানিয়েছিলাম। এছাড়াও হাওড়া-পুরীগামী ট্রেনের বেলদাতে স্টপেজের দাবি রেখেছেন তিনি।

    প্রসঙ্গত, কেশিয়াড়ি মোড় রেলগেটের একদিকে রয়েছে বেলদা বাজার, অন্যদিকে রয়েছে সুপার স্পেশ্যালিটি হাসপাতাল, কলেজ-সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। স্বাভাবিকভাবে নিত্যদিন বেশ সমস্যা। শুধু তাই নয়, এই রেলগেটে আটকে মৃত্যু হয়েছে একাধিক জনের। শুধু তাই নয় অমৃত ভারত প্রকল্পের অধীনে থাকা বেলদা স্টেশন। তবে এই স্টেশনে দক্ষিণ ভারতগামী একাধিক দূরপাল্লার ট্রেনের স্টপেজ নেই। এছাড়াও বেলদা থেকে হাওড়াগামী লোকাল ট্রেনও অপ্রতুল।

    তবে এবার সেই সমস্যার সমাধান হতে চলেছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব থেকে বিধায়কের আবেদনের ভিত্তিতে যথাযথ পরীক্ষা ও ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বিধায়ক বলেন, “বেলদা কলেজ রোড ২৫ নম্বর রেলগেটে দ্রুত সাবওয়ের জন্য দরপত্র হয়ে যাবে। আগামী তিনমাসের মধ্যে ২৪ নম্বর রেলগেটে উড়ালপুল ও সাবওয়ের কাজ শুরু হবে। জমিজট যা রয়েছে তা জেলা প্রশাসন দ্রুত সুরাহা করবে।” স্বাভাবিকভাবে আগামীতে উড়ালপুল তৈরি এবং রেলগেট সংক্রান্ত সমস্যার সমাধান হতে চলেছে। রেলের যাবতীয় সমস্যার সমাধান হলে আগামীতে বেশ উপকার হবে বলে মনে করছে স্থানীয় বাসিন্দারা।
  • Link to this news (News18 বাংলা)