• ‘চিকেনস নেক’-এ রেলের আরও একটা বড় পদক্ষেপ, উত্তরবঙ্গের রেল যোগাযোগকে আরও গতিশীল করাই লক্ষ্য
    News18 বাংলা | ১১ জুন ২০২৬
  • উত্তরবঙ্গের রেল যোগাযোগকে আরও গতিশীল ও শক্তিশালী করতে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। নিউ জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি জংশন পর্যন্ত প্রায় ৭.১৫ কিলোমিটার রেললাইন ডাবলিং প্রকল্পের জন্য ৯১৬.১৮ কোটি টাকার অনুমোদন দেওয়া হল।

    দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা জানিয়েছেন, ‘‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, রেল মন্ত্রক নিউ জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি পর্যন্ত ৭.১৫ কিলোমিটার দীর্ঘ রেললাইনটি ডাবলিং বা দ্বৈতকরণের কাজের জন্য ৯১৬.১৮ কোটি টাকা মঞ্জুর করেছে।

    এই গুরুত্বপূর্ণ প্রকল্পটি আলুবাড়ি রোড-ঠাকুরগঞ্জ রেললাইন ডাবলিংয়ের চলমান কাজকে শিলিগুড়ি জংশন পর্যন্ত সম্প্রসারিত করবে এবং এর আওতায় বাগডোগরা, নকশালবাড়ি ও অধিকারীর মতো গুরুত্বপূর্ণ স্টেশনগুলি অন্তর্ভুক্ত থাকবে।

    আরও পড়ুন– বোকারোর রঞ্জন শর্মা ভিন্ডি চাষ করেই দারুণ সফল! ১৭ হাজার খরচ করে ৪৫ দিনে ৮০ হাজার টাকা উপার্জন করেছেন, সাফল্যের মন্ত্রও জানালেন

    শিলিগুড়ি-তরাই অঞ্চলের জন্য এই উন্নয়নমূলক পদক্ষেপটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ; কারণ এটি বিদ্যমান রেল চলাচলের যানজট ও বিলম্ব উল্লেখযোগ্যভাবে কমাবে এবং যাত্রী ও পণ্য পরিবহণের ক্ষেত্রে সামগ্রিক যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করবে।

    আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, এর মাধ্যমে এই অঞ্চলে আরও বেশি সংখ্যক ট্রেন চালানোর সুযোগ তৈরি হবে। তাছাড়া, উন্নত পরিকাঠামো এবং ৯১৬.১৮ কোটি টাকার বিশাল বিনিয়োগ আমাদের অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডকে ত্বরান্বিত করবে। পাশাপাশি, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘চিকেনস নেক’ (Chicken’s Neck) এলাকায় এটি যোগাযোগের ক্ষেত্রে এক নতুন ও জরুরি মাত্রা যোগ করবে।

    আরও পড়ুন- ‘টয়লেট চোখের সামনেই, তবু রাস্তার ধারে!’ দার্জিলিংয়ে পর্যটকের কাণ্ডে তোলপাড় নেটদুনিয়া, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক

    একাধিক ক্ষেত্রে একক লাইনের কারণে ট্রেন চলাচলে বিলম্বের সমস্যাও দেখা যায়। ডাবলিং প্রকল্প সম্পূর্ণ হলে সেই সমস্যা অনেকটা কমবে। একই সঙ্গে ট্রেন পরিচালনার ক্ষেত্রে সময়ানুবর্তিতা বাড়বে এবং একই সঙ্গে তৈরি হবে নতুন ট্রেন চালুর সম্ভাবনা।

    রেল কর্তৃপক্ষের মতে, উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে পরিচিত শিলিগুড়ি ও নিউ জলপাইগুড়ির মধ্যে উন্নত রেল সংযোগ গোটা অঞ্চলের পরিবহণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে পারে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকা এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

    সাংসদ আরও জানান, দীর্ঘ প্রতীক্ষিত এই প্রকল্পটিকে দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে ব্যক্তিগত উদ্যোগ ও নিরন্তর সহায়তা প্রদানের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।
  • Link to this news (News18 বাংলা)