নাকে রুমাল চাপা দিয়েও থাকা যাচ্ছিল না, দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে আঁতকে উঠল সবাই!
News18 বাংলা | ১১ জুন ২০২৬
জাতীয় সড়কের বাইপাস সংলগ্ন ঝোপের মধ্যে থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদহের চাঁচল থানার শাওরগাছি এলাকায়। এদিন সন্ধ্যায় স্থানীয়দের নজরে আসে ঘটনাটি। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চাঁচল থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে বাইপাসের পাশের ঝোপ থেকে তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল। এলাকায় ঘুরতে আসা কয়েকজন যুবক বুধবার সন্ধ্যায় দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে ঝোপের আড়ালে একটি পচাগলা দেহ পড়ে থাকতে দেখেন। এরপর তারা বিষয়টি স্থানীয়দের জানালে এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় জমান এবং পুলিশে খবর দেন। স্থানীয় এক বাসিন্দা আকবর আলী বলেন, “সন্ধ্যাবেলা স্থানীয় কিছু ছেলে এখানে ঘুরতে এসে গন্ধ পেয়ে ঝোপ ঝাড়ের মধ্যে এই মৃতদেহ দেখতে।
তাঁর কথায়, এরপর এলাকায় স্থানীয়দের খবর দেয় ছেলেরা। বিষয়টি পুলিশকে জানানো হয়। দেহটি দেখে চেনা যাচ্ছে না। পুলিশ তদন্ত করছে।” পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মৃতদেহটি অন্তত চারদিন আগের। দেহে ব্যাপক পচন ধরেছে। পাশাপাশি শরীরের বিভিন্ন অংশে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে বলে জানা গিয়েছে। ফলে এটি খুনের ঘটনা কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
মৃতের পকেট থেকে একটি মোটরবাইকের চাবিসহ কয়েকটি সামগ্রী উদ্ধার হয়েছে। তবে এখনও পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। এদিকে, স্থানীয়দের একাংশের দাবি, মুর্শিদাবাদের বেলডাঙার এক স্বর্ণ ব্যবসায়ী গত কয়েকদিন ধরে নিখোঁজ রয়েছেন। ব্যবসার সূত্রে তিনি নিয়মিত চাঁচলে যাতায়াত করতেন। উদ্ধার হওয়া দেহটি ওই নিখোঁজ ব্যবসায়ীর কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও দেহটির পরিচয়ের নিশ্চিতকরণ মেলেনি। ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ।