শান্তিপুরে বাস কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ, নিশানায় টোটোচালকেরা! তিন রুটে অনির্দিষ্টকাল বাস বন্ধ
News18 বাংলা | ১১ জুন ২০২৬
শান্তিপুরে তুলকালাম! বাস কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ, অনির্দিষ্টকালের চাকা বন্ধের ডাক তিন বাস রুটে! নদিয়ার শান্তিপুর নৃসিংহপুর বাসস্ট্যান্ডে এক বাস কর্মচারীকে বেধড়ক মারধর করে মেরে ফেলার ঘটনায় বাস কর্মীদের নিরাপত্তার দাবিতে অনির্দিষ্ট কালের জন্য তিনটি রুটের বাস পরিষেবা বন্ধ রাখল বাস কর্মচারীরা।
জানা যায়, গত ৯ তারিখে নৃসিংহপুরের বাসিন্দা পেশায় বাস কর্মী চিরঞ্জিত বিশ্বাসকে গাড়িতে প্যাসেঞ্জার তোলাকে কেন্দ্র করে বাসস্ট্যান্ডের টোটো চালকদের সঙ্গে বচসা হয়। তাঁদের অভিযোগ, কালনা নৃসিংহপুর ফেরিঘাটের নৌকা থেকে যাত্রীরা নামলে পরে টোটো চালকরা হাক দিয়ে কিংবা একপ্রকার হাত ধরে টেনে যাত্রীদের টোটোতে বসিয়ে দিচ্ছেন। চিরঞ্জিত বিশ্বাস-এর প্রতিবাদ করার জন্যেই এরপর এলাকারই দুই টোটো চালক চিরঞ্জিতকে বেধড়ক মারধর করে। এরপর চিরঞ্জিত অচৈতন্য অবস্থায় পরে থাকে এবং চিরঞ্জিতের পরিবারের লোক তাঁকে রাতে উদ্ধার করে এবং হাসপাতালে ভর্তি করলে সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় চিরঞ্জিত বিশ্বাসের।
ঘটনায় বাস কর্মীদের নিরাপত্তার অভাব এবং তাঁদেরকে নিত্যনৈমিত্তিক মারধরের প্রতিবাদে শান্তিপুর থানায় বাস কর্মীদের নিরাপত্তা সুনির্দিষ্ট করা, অপরদিকে চিরঞ্জিত বিশ্বাস-এর মৃত্যুর ঘটনায় জড়িত দোষীদের চিহ্নিতকরণ, গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক স্বস্তির দাবিতে অনির্দিষ্ট কালের জন্য বাস পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত বাস কর্মচারীদের। যতদিন না পর্যন্ত দোষীরা গ্রেফতার হচ্ছে ততদিন তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন বাস কর্মচারীরা। ঘটনায় দুর্ভোগে নিত্য যাত্রীরা।
অন্যদিকে, বাস বন্ধের কারণে বেজায় মুশকিলে পড়েছেন নিত্যযাত্রীরা। শান্তিপুর নৃসিংহপুর বাসস্ট্যান্ডে প্রতিনিয়ত বহু মানুষ নিত্যদিন চলাচল করেন। এমনকী গঙ্গা পেরিয়ে কালনা থেকেও বহু নিত্যযাত্রী শান্তিপুর নৃসিংহপুর বাসস্ট্যান্ডে এসে সেখান থেকে বাস ধরে বিভিন্ন গন্তব্যে যান। আকস্মিক বাস ধর্মঘটের কারণে সমস্যায় পড়েছেন তাঁরা। তাঁরা জানাচ্ছেন প্রশাসন দ্রুত এই ঘটনায় হস্তক্ষেপ করুন এবং শীঘ্রই এই সংসার সমাধান হোক।