ভোটের আগে বলেছিলেন, ‘ঝুঁকেগা নেহি’, ফলতার স্বঘোষিত ‘পুষ্পা’ জাহাঙ্গিরকে বৃহস্পতিবার হাফপ্যান্ট পরিয়ে এলাকায় ঘোরাল পুলিশ। যার কথায় ফলতায় বাঘে-গরুতে একঘাটে জল খেত, সেই জাহাঙ্গিরের মাথা আজ উঁচু করতে দেখা যায়নি। কালো হাফপ্যান্ট, সাদা গেঞ্জি পরিয়ে স্থানীয়দের সামনে দিয়ে তাঁকে হাঁটিয়ে বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া হয় তদন্তের স্বার্থে।
শুধু তাই নয়, কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে জাহাঙ্গিরকে এলাকার আরও কিছু জায়গায় নিয়ে যাওয়া হয় তল্লাশির স্বার্থে। সেই সময় পুলিশের একাধিক গাড়ি এবং নিরাপত্তা বলয় তাঁকে কার্যত ঘিরে রেখেছিল। তবে স্থানীয়রা তাঁকে এভাবে দেখে বেজায় খুশি। যাদের উপরে নানা নির্যাতন চলেছে দিনের পর দিন, তারা দূর থেকে দেখেছেন ‘পুষ্পা’র ঝুঁকে যাওয়া।
সূত্রের খবর, তোলাবাজি মামলায় পাঁচ দিনের পুলিশি হেফাজত শেষে বৃহস্পতিবার দুপুরে ফলতা থানার পুলিশ তদন্তের স্বার্থে জাহাঙ্গির খানকে থানা থেকে বাড়ি নিয়ে যাচ্ছিল। সেই সময় স্থানীয় মোড়ে গিয়ে তাঁকে গাড়ি থেকে নামান হয়। সেখান থেকে বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া হয় হাঁটিয়ে। সেই দৃশ্য দেখতে কার্যত ভিড় জমে যায় এলাকায়। দাপুটে নেতার এই ছবি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলেও।
প্রসঙ্গত, ৮ জুন গ্রেফতার হন জাহাঙ্গির খান। নেপাল সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করছিলেন, সেই সময় তাঁকে গ্রেফতার করে এসটিএফ। এরপর তাঁকে আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। তোলাবাজি, জমি দখল ও মারধর সহ একাধিক মারাত্মক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।