• আইসিডিএস কেন্দ্রের খিচুড়িতে মরা টিকটিকি! খাবার খেয়ে ঝাড়গ্রামে অসুস্থ ৩০ মা-শিশু
    News18 বাংলা | ১১ জুন ২০২৬
  • : ঝাড়গ্রামের বিনপুরে আইসিডিএস কেন্দ্রের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ল ৩০ জন মা ও শিশু। খাবারে টিকটিকি মেলার অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বিনপুর এক নম্বর ব্লকের আখড়াগোড়া এলাকায়। অসুস্থদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান ঝাড়গ্রাম বিধানসভার বিজেপি বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।

    স্থানীয় ও প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে আখড়াগোড়া আইসিডিএস সেন্টারে মা ও শিশু মিলিয়ে মোট ৬১ জনকে পুষ্টিকর খিচুড়ি পরিবেশন করা হয়েছিল। কিন্তু খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই একের পর এক শিশুর বমি, মাথা ঘোরা এবং তীব্র শারীরিক অস্বস্তি শুরু হয়। একই উপসর্গ দেখা দেয় উপস্থিত মায়েদের মধ্যেও।

    অভিভাবকদের দাবি, শিশুদের খাওয়ানোর সময় খিচুড়ির পাত্রে একটি মরা টিকটিকি ভাসতে দেখা যায়। এই খবর ছড়াতেই কেন্দ্রজুড়ে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি অসুস্থ ৩০ জনকে উদ্ধার করে লালগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। বর্তমানে সেখানে চিকিৎসকদের কড়া নজরদারিতে সকলের চিকিৎসা চলছে।

    অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এই চরম গাফিলতি ও খাবারের স্বাস্থ্যবিধি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন ক্ষুব্ধ অভিভাবকেরা। খবর পাওয়া মাত্রই লালগড় হাসপাতালে পৌঁছন বিজেপি বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ, ঝাড়গ্রামের এসডিপিও সামীম বিশ্বাস এবং লালগড় থানার আইসি সঞ্জীব ঘোষ। তাঁরা অসুস্থ শিশু ও মায়েদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং উপযুক্ত চিকিৎসার আশ্বাস দেন। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে লালগড় থানার পুলিশ ও ব্লক প্রশাসন।
  • Link to this news (News18 বাংলা)