রাতের অন্ধকারে মালগাড়িতে ধাক্কা মেরেছিল করমণ্ডল এক্সপ্রেস। বছর তিনেক আগে ওডিশার বাহানাগার ওই দুর্ঘটনায় আড়াইশোর বেশি মানুষের মৃত্যু হয়েছিল। বৃহস্পতিবার সেই স্মৃতিই ফিরে এল ওডিশায়। একই লাইনে মুখোমুখি চলে এল দু’টি এক্সপ্রেস ট্রেন!
ভুবনেশ্বরের ঝাড়পাড়া ব্রিজ এলাকায় ঘটনাটি ঘটে। সংবাদমাধ্যম ওডিশা টিভি-র প্রতিবেদন অনুযায়ী, একটি ট্রেন ভুবনেশ্বর থেকে মাঞ্চেশ্বরের দিকে যাচ্ছিল। ঠিক সেই সময়ে উল্টো দিক থেকে অর্থাৎ মাঞ্চেশ্বর থেকে ভুবনেশ্বরের অভিমুখে আর একটি ট্রেন আসছিল। ওই সময়ে কোনও কারণে একই লাইনে মুখোমুখি চলে আসে ট্রেন দু’টি। যদিও কোনও সংঘর্ষের ঘটনা ঘটেনি। একেবারে শেষ মুহূর্তে ট্রেন দু’টি থামাতে সক্ষম হন চালকেরা।
দুই ট্রেন কী ভাবে একই লাইনে মুখোমুখি চলে এল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরুর নির্দেশ দিয়েছে রেল। রেল সূত্রে খবর, সিগন্যালিংয়ের ত্রুটি নাকি সমন্বয়ের অভাব, তা খতিয়ে দেখা হচ্ছে। কর্তব্যে গাফিলতি রয়েছে কি না, দেখা হচ্ছে তা-ও। তবে ঘটনার সময়ে দু’টি ট্রেনের একটিতেও কোনও যাত্রী ছিলেন না বলেই জানিয়েছে রেল।