• জাহাঙ্গিরকে হাফপ্যান্ট পরিয়ে এলাকায় ঘোরাল পুলিশ
    আজকাল | ১২ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: একসময় এলাকায় দাপটের সঙ্গে চলাফেরা করা ‘ফলতার পুষ্পা’ নামে পরিচিত তৃণমূল নেতা জাহাঙ্গীর খান ওরফে ‘পুষ্পা’-র চেহারা যেন এখন সম্পূর্ণ অন্যরকম।

    পাঁচ দিনের পুলিশি হেফাজত শেষে বৃহস্পতিবার দুপুরে ফলতা থানার পুলিশ তদন্তের স্বার্থে জাহাঙ্গীর খানকে নিয়ে যায় ফলতার বিভিন্ন এলাকায়। আর সেই দৃশ্য ঘিরেই তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য।

    প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, কোমরে দড়ি বাঁধা অবস্থায় এবং পরনে হাফপ্যান্ট পরে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে জাহাঙ্গীর খানকে বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়া হয়। পুলিশের একাধিক গাড়ি এবং নিরাপত্তা বলয় ঘিরে কার্যত ঘিরে রেখেছিল জাহাঙ্গিরকে।

    এলাকাবাসীদের একাংশ দূর থেকে দাঁড়িয়ে পুরো ঘটনা দেখতে ভিড় জমান। পুলিশ সূত্রে খবর, তদন্তের প্রয়োজনে বেশ কিছু নির্দিষ্ট জায়গায় এদিন জাহাঙ্গির খানকে নিয়ে যাওয়া হয়।

    বিভিন্ন অভিযোগ এবং মামলার সূত্র ধরে একাধিক স্থানে ঘটনাস্থল পরিদর্শন ও তথ্য সংগ্রহের কাজ চালানো হয় বলে জানা গিয়েছে। যদিও তদন্তের স্বার্থে পুলিশ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানাতে চায়নি।

    উল্লেখ্য, সম্প্রতি নেপাল সীমান্ত থেকে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেপ্তার হন ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খান। এরপর তাঁকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে পেশ করা হলে আদালত পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।

    সেই হেফাজতে থাকাকালীনই তদন্তে নতুন তথ্য সংগ্রহের উদ্দেশ্যে বৃহস্পতিবার ফলতার বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়া হয় অভিযুক্তকে। একসময় যাঁর নামে এলাকায় প্রভাব ও দাপটের নানা আলোচনা ছিল, সেই জাহাঙ্গির খানকে এই অবস্থায় দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেন।

    স্থানীয়দের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় তাঁর প্রভাব ছিল যথেষ্ট। ফলে পুলিশি হেফাজতে তাঁকে এইভাবে এলাকায় ঘোরানো নিয়ে কৌতূহলও তৈরি হয়েছে। তবে পুরো ঘটনায় রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা।

    বিরোধীদের একাংশের দাবি, আইন আইনের পথেই চলছে। যদিও শাসকদলের তরফে এই বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করা হয়নি। পুলিশের তদন্ত এখনও চলছে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে এই ঘটনায় আরও নতুন তথ্য সামনে আসতে পারে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।
  • Link to this news (আজকাল)