মাটির নীচে চাপা দেওয়া অভিষেকের সেবাশ্রয় ক্যাম্পের কোটি টাকার ওষুধ? চাঞ্চল্য ডায়মন্ড হারবারে
News18 বাংলা | ১২ জুন ২০২৬
মাটির নীচে চাপা দেওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া সেবাশ্রয় ক্যাম্পের কোটি কোটি টাকার ওষুধ? এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল দক্ষিণ চব্বিশ পরগণার ডায়মন্ড হারবার বিধানসভার হিঞ্চাবেড়িয়া এলাকায়৷
দক্ষিণ ২৪ পরগণার ডায়মন্ড হারবার বিধানসভার হিঞ্চাবেড়িয়া এলাকায় মাটির তলা থেকে বিপুল পরিমাণ ওষুধ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায় ।
স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ও ব্লক প্রশাসনকে সঙ্গে নিয়ে হিঞ্চাবেড়িয়া গ্রামের নির্দিষ্ট জায়গায় মাটি খুঁড়ে প্রচুর ওষুধের খোঁজ মেলে৷ পরে জেসিবি মেশিন এনে মাটি খুঁড়ে আরও বিপুল পরিমাণ ওষুধ উদ্ধার করা হয়। বিজেপি-র অভিযোগ, উদ্ধার হওয়া ওষুধের বাজারমূল্য কয়েক কোটি টাকা।
বিজেপির দাবি, হিঞ্চাবেড়িয়া গ্রামের বাসিন্দা মগরাহাট পশ্চিমের বিধায়ক তথা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ সামিম আহমেদের সঙ্গে এই ঘটনার যোগ থাকতে পারে। তাদের অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’ প্রকল্পের জন্য বরাদ্দ কোটি কোটি টাকার ওষুধ সাধারণ মানুষের মধ্যে বিতরণ না করে মাটির তলায় চাপা দেওয়া হয়েছে।
অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, উদ্ধার হওয়া ওষুধগুলি মেয়াদোত্তীর্ণ হওয়ায় সেগুলি মাটির তলায় পুঁতে ফেলা হয়েছিল।
অভিযোগ খতিয়ে দেখতে ড্রাগ কন্ট্রোল বোর্ডের সদস্য ও স্বাস্থ্য দফতরের আধিকারিকরা ঘটনাস্থলে আসেন। উদ্ধার হওয়া ওষুধের প্রকৃতি, মেয়াদ এবং কীভাবে সেগুলি ওই স্থানে পৌঁছল, তা খতিয়ে দেখার পাশাপাশি নমুনা সংগ্রহ করেন তাঁরা। ঘটনার তদন্ত শুরু করেছে পারুলিয়া কোস্টাল থানার পুলিশ।
ডায়মন্ড হারবারের সাংসদ হিসেবে নিজের সংসদীয় এলাকায় সাধারণ মানুষের দুয়ারে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে সেবাশ্রয় ক্যাম্প শুরু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ ডায়মন্ড হারবারের পর রাজ্যের অন্যান্য জেলাতেও সেবাশ্রয় শিবির শুরু হয়েছিল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে৷