সবজি বাজারে তোলাবাজির অভিযোগ, তৃণমূল নেতাকে চড় মেরে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা। বিধায়কের আত্মীয় তৃণমূল নেতাকে ধনিয়াখালির শিবাইচন্ডী সবজি বাজার থেকে আটক করে নিয়ে যায় পুলিশ। অভিযুক্ত তৃণমূল নেতার নাম মানিক পাত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধনিয়াখালির বিধায়ক অসীমা পাত্রের আত্মীয় মানিক পাত্র দীর্ঘদিন ধরে শিবাইচন্ডী বাজার এলাকায় ফসল বিক্রি করতে আসা কৃষক ও ব্যবসায়ীদের থেকে জোর করে টাকা আদায় করতেন। কেউ টাকা দিতে না চাইলে চলত জোর-জুলুম। অভিযোগ, টাকা দিতে অস্বীকার করলে বন্দুক বের করে হুমকি দিত অভিযুক্ত তৃণমূল নেতা মানিক পাত্র।
আজও একই ঘটনার পুনরাবৃত্তি হয়। চাষিরা টাকা দিতে না চাওয়ায় শুরু হয় অশান্তি। এরপরেই ঘটনাস্থলে এসে উপস্থিত হয় স্থানীয় বাসিন্দারা ও বিজেপির নেতা-কর্মীরা। সেই সময় অভিযুক্ত তৃণমূল নেতা মানিক পাত্রকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। এক মহিলা এগিয়ে গিয়ে তাকে সপাটে চড় মারতে উদ্যত হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ অভিযুক্ত তৃণমূল নেতাকে ধরে নিয়ে যায়। এরপর ধনিয়াখালি থানায় যান সপ্তগ্রাম ও পান্ডুয়ার বিজেপি বিধায়ক স্বরাজ মুখোপাধ্যায় ও তুষার মজুমদার।
বিজেপি বিধায়ক তুষার মজুমদার জানান, অভিযুক্ত দীর্ঘদিন ধরে কৃষক ও ব্যবসায়ীদের থেকে টাকা আদায় করত। ডালা পাটি থেকে ফুটপাতে বসা মানুষের থেকে তোলা আদায় করত। দীর্ঘদিন ধরে ধনিয়াখালিতে এটা হয়ে আসছে, এর পিছনে বড় মাথা রয়েছে। আগামী দিনে তারাও ধরা পড়বে, ধনিয়াখালি সন্ত্রাস মুক্ত হবে। হুগলি জেলা গ্রামীণ পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মানিক পাত্রকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে জোর করে টাকা আদায়, এমন কি বন্দুক বার করে ভয় দেখানোর ও অভিযোগ রয়েছে।