'ভগবান শিবের নাম করে বলছি...', সায়নীকে নিয়ে মোদী-শাহের কাছে কী আর্জি তথাগতর?
আজ তক | ১২ জুন ২০২৬
সায়নী ঘোষকে দলে নেবেন না! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে আর্জি জানালেন তথাগত রায়। প্রাক্তন ত্রিপুরার রাজ্যপাল তথা BJP-র বর্ষীয়ান এই নেতা তৃণমূলের যাদবপুরের সাংসদের সঙ্গে BJP-র কোনওরকম সংযোগ চাইছেন না। সায়নীর অতীতের বেশ কয়েকটি বিতর্কের কথা মাথায় রেখেই মোদী-শাহের কাছে তাঁর এই আর্জি।
জানা গিয়েছে, কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে যে বিদ্রোহী তৃণমূল সাংসদরা লোকসভার স্পিকারের কাছে চিঠি জমা করেছেন, সেই তালিকায় রয়েছেন সায়নী ঘোষও। এ প্রসঙ্গে তথাগত রায় এক্স হ্যান্ডলে পোস্ট করে লেখেন, 'বাকিদের ব্যাপারে আমার কোনও বক্তব্য নেই। TMC সাংসদ সায়নী ঘোষ একটি মিম পোস্ট করে দেখিয়েছিলেন শিবলিঙ্গে কন্ডোম পরানো। সেটা আমাকে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছিল। রবীন্দ্র সরোবর থানায় ওঁর নামে অভিযোগ দায়ের করেছিলাম। তবে কোনও পদক্ষেপই হয়নি।'
পাশাপাশি তৃণমূলের প্রচারের সময়ে সায়নী ঘোষের গাওয়া গান নিয়েও আপত্তি তোলেন তথাগত রায়। তিনি বলেন, 'তৃণমূলের প্রচারে গিয়ে সায়নী গেয়েছিলেন, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। ভগবান শিবের নাম করে বলছি, সায়নী ঘোষের সঙ্গে কোনও সম্পর্ক রাখবেন না।' এই পোস্টের সঙ্গে নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং BJP-কে ট্যাগ করেন তিনি।
BJP-র পশ্চিমবঙ্গের সভাপতি পদেও ছিলেন তথাগত রায়। দলের জাতীয় এক্সিকিউটিভ কমিটির সদস্যও ছিলেন তিনি।
সূত্রের খবর, দিল্লিতে কেন্দ্রীয়মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে উপস্থিত তৃণমূলের 'বিদ্রোহী' সাংসদের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারী। ঘণ্টাখানেক চলা সেই বৈঠকে উপস্থিত ছিলেন সায়নী ঘোষও। এছাড়াও বৈঠকে ছিলেন তৃণমূলের প্রতিমা মণ্ডল, মালা রায়, মিতালী বাগ।
শুভেন্দু-সায়নীদের বৈঠকের আগেই জানা গিয়েছিল তৃণমূলের বিদ্রোহী সাংসদের নাম। সেখানে মালা রায়ের সঙ্গে সায়নী ঘোষের নামও ছিল।