• ভিত্তিহীন গুজব! তৃণমূলের সঙ্গে সংযুক্তিকরণের জল্পনা ওড়াল কংগ্রেস
    প্রতিদিন | ১২ জুন ২০২৬
  • বড় পদ, বদলে ঢের শর্ত। ছাব্বিশের বিধানসভা ভোটের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তৈরি তৃণমূল কংগ্রেস সর্বস্তরে ছিন্নভিন্ন হয়ে যাওয়ার পর থেকেই জল্পনা তুঙ্গে উঠেছিল যে এবার কংগ্রেসের সঙ্গেই মিশে যাবে তৃণমূল। এ শুধু ঘরের মেয়ের ঘরে ফেরা নয়, জাতীয় রাজনীতিতে এ এক বড় সমীকরণ হতে চলেছে। সূত্রের খবর, দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় ও সোনিয়া গান্ধীর মধ্যে এই সংক্রান্ত আলোচনা হয়েছে। এমনও জল্পনা শোনা গিয়েছিল, দু-একদিনের মধ্যেই নাকি কংগ্রেস-তৃণমূল মিশে যাবে। বুধবার কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল জরুরি ভিত্তিতে বৈঠকের জন্য সমস্ত রাজ্যের প্রদেশ সভাপতিদের ডেকে পাঠানোয় সেই জল্পনা আরও উসকে ওঠে। কিন্তু বৃহস্পতিবার কংগ্রেসের সেই বৈঠকে তৃণমূল-প্রসঙ্গ উঠলই না। বরং দলের বর্ষীয়ান নেতা জয়রাম রমেশ জানালেন, মমতা-সোনিয়ার মধ্যে কথাবার্তা নিয়ে যে খবর হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।

    বৃহস্পতিবার দিল্লির ইন্দিরা ভবনে বৃহস্পতিবার কংগ্রেসের সব প্রদেশ সভাপতি ও সাধারণ সম্পাদককে নিয়ে বৈঠক করেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। দেশে মূল্যবৃদ্ধি, বেকারত্ব, নিট কেলেঙ্কারি ও অন্যান্য গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা হয়। পরে সাংবাদিক বৈঠক করে কেসি বেণুগোপাল দাবি করেন, এদিন তৃণমূলকে নিয়ে কোনও আলোচনা হয়নি। একই বক্তব্য কংগ্রেস নেতা জয়রাম রমেশের। তাঁরও বক্তব্য, ‘‘বিভিন্ন সংবাদমাধ্যমে একটি খবর দেখানো হয়েছে। এই খবর সম্পূর্ণ ভুয়ো। সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ৪০ বছরের ব্যক্তিগত সম্পর্ক। তাঁদের মধ্যে অনেক কথা হয়েছে। যা আপনারা বলছেন, সেই সব বিষয় নিয়ে কোনও আলোচনা হয়নি।’’

    এদিনের বৈঠকে মূলত কংগ্রেসের নিজস্ব কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন কেসি বেণুগোপাল। আগামী কয়েকমাস দেশজুড়ে আন্দোলনে নামছে কংগ্রেস। মূল্যবৃদ্ধি, কেন্দ্রের একাধিক নীতি-সহ নানা বিষয় নিয়ে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কবে, কোথায়, কী কী হবে – সেসব চূড়ান্ত করার পর রাজ্য নেতৃত্বকে জানিয়ে দেওয়া হবে। তবে তৃণমূলকে নিয়ে বিন্দুমাত্র আলোচনা না হওয়ায় দুই শিবিরের অনুগামীরা খানিকটা হতাশ।
  • Link to this news (প্রতিদিন)