টাকার লোভে নিজের সত্তরোর্ধ দিদাকেই খুন করার অভিযোগে নাতিকে গ্রেফতার করল চাঁচল থানার পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে চাঁচলের কলিগ্রাম দক্ষিণপাড়ায়। বৃদ্ধা আরতী দাস হত্যাকাণ্ডের তদন্তে নেমে তাঁর নাতি সংগ্রাম দাসকে গ্রেফতার করেছে পুলিশ। জেরার মুখে অভিযুক্ত খুনের কথা স্বীকার করেছে বলেও পুলিশ সূত্রে দাবি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১ জুন নিজের বাড়ির শোবার ঘর থেকে আরতি দাসের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। তদন্তে উঠে আসে, তাঁকে সাঁড়াশি দিয়ে আঘাত করে খুন করা হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে চাঁচল থানার পুলিশ। তদন্তের শুরু থেকেই পরিবারের সদস্যদের উপর সন্দেহের নজর ছিল পুলিশের। এরপর নিহতের নাতি সংগ্রাম দাসকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
রেলযাত্রীদের জন্য বড় সুখবর…! শিয়ালদহ শাখায় ছুটবে একগুচ্ছ নতুন ট্রেন, কোন কোন রুটে? দেখুন তালিকা
দীর্ঘ জেরার পর সে খুনের ঘটনা স্বীকার করে বলে দাবি তদন্তকারীদের। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অর্থের লোভ থেকেই এই নৃশংস খুনের ঘটনা ঘটেছে। তবে হত্যাকাণ্ডের পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না বা এই ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বৃহস্পতিবার ধৃতকে চাঁচল মহকুমা আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে পুলিশ তার সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে। নিজের পরিবারের সদস্যের হাতেই এক বৃদ্ধার এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় স্তম্ভিত কলিগ্রামের বাসিন্দারা। ঘটনার পূর্ণ রহস্য উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।