আনন্দের অনুষ্ঠান নিমেষেই বদলে গেল বিষাদে। বৌভাতের প্রীতিভোজের খাবার খেয়ে কনেযাত্রী-সহ প্রায় শতাধিক আমন্ত্রিত অতিথি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বৃহস্পতিবার মুর্শিদাবাদের ভরতপুর থানার দেচাপড়া গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। অসুস্থদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রেজিনগর থানার তেঘরি নাজিরপুর থেকে কনেযাত্রীরা এসেছিলেন ভরতপুরের বাসিন্দা পাত্র সোহেল শেখের বাড়িতে।
বৃহস্পতিবার দুপুরের দিকে প্রীতিভোজের খাওয়া-দাওয়া সারেন আমন্ত্রিতরা। কিন্তু খাওয়ার ঘণ্টা খানেকের মধ্যেই একে একে অতিথিদের পেট ব্যথা, বমি ও শরীর খারাপ শুরু হয়। পরিস্থিতি বেগতিক দেখেই দ্রুত অসুস্থদের উদ্ধার করে ভরতপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হঠাৎ করে এত বিপুল সংখ্যক রোগী চলে আসায় হাসপাতাল চত্বরেও তীব্র চাঞ্চল্য ছড়ায়। চিকিৎসকেরা দ্রুত চিকিৎসা শুরু করেন।
চিকিৎসকের প্রাথমিক অনুমান, প্রচণ্ড গরম এবং খাবারে বিষক্রিয়া থেকেই এই ঘটনা ঘটেছে। চিকিৎসাধীন অসুস্থদের মধ্যে বেশ কয়েকজন শিশুর অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে গুরুতর অসুস্থ তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত (রেফার) করা হয়েছে। অসুস্থ রোগীরা জানিয়েছেন, আজকে দুপুরে প্রীতিভোজ খেয়েই হঠাৎই সকলে অসুস্থ হতে শুরু করেন। সকলের প্রায় এক অবস্থা হতে থাকে। হাসপাতালে ভর্তি হতে হয়েছে চিকিৎসার জন্য।
কান্দি মহকুমা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌমিক দাস জানিয়েছেন, গ্রামে পাঠানো হয়েছে মেডিক্যাল টিম। এখনও পর্যন্ত অসুস্থদের চিকিৎসা চলছে হাসপাতালে। পরিস্থিতির উপর নজরদারি চালানো হচ্ছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হতেই কান্দি মহকুমা হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনার পর পাত্রের পরিবার ও এলাকায় গভীর উদ্বেগের ছায়া নেমে এসেছে। এই ঘটনার পর গ্রামে পৌঁছয় পুলিশ প্রশাসন। গ্রামে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। যদিও পুলিশ ও স্বাস্থ্য দফতরের প্রতিনিধিরা পরিস্থিতির উপর নজর রাখছেন।