উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি থেকে ‘আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ারস অ্যাক্ট ’ (AFSPA) প্রত্যাহার করার জন্য আগেও সওয়াল করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই অঞ্চলের অধিকাংশ এলাকা থেকেই Armed Forces Special Powers Act (AFSPA) প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বাকি যে অঞ্চলে এই আইন আছে তাও আগামী দিনে তুলে নেওয়া হবে। কবে এই আইন পুরোপুরি প্রত্যাহার করা হবে তা জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আগামী বছরের মধ্যে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি থেকে আফস্পা সম্পূর্ণভাবে প্রত্যাহার করার লক্ষ্য নিয়েছে কেন্দ্র বলে জানিয়েছেন তিনি। দেশের উত্তর-পূর্বাঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির উন্নতির কারণেই এই সিদ্ধান্ত বলেও জানিয়েছেন তিনি। উত্তর-পূর্বাঞ্চলে ধাপে ধাপে শান্তি ফিরে আসায় AFSPA প্রত্যাহারের বিষয়টি এখন দৃশ্যমান হচ্ছে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
তিন বছরের বেশি সময় ধরে জাতি সংঘর্ষে উত্তপ্ত মণিপুর। সেখানে ফের নতুন করে আশন্তি দেখা দিয়েছে। গত কয়েক দিনে মণিপুরের একাধিক এলাকায় হামলার ঘটনাও ঘটেছে। বহিরাগত শক্তি এবং জঙ্গি গোষ্ঠীর মদতে ওই অঞ্চলে নতুন করে অশান্তি সৃষ্টির ষড়যন্ত্র করা হচ্ছে বলেও অভিযোগ। এরই মধ্যে বৃহস্পতিবার AFSPA পুরোপুরি প্রত্যাহার করে নেওয়ার বিষয়ে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, উত্তর-পূর্বাঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হচ্ছে। ইতিমধ্যেই ওই অঞ্চলের প্রায় ৮০ শতাংশ এলাকা থেকে ওই আইন প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বাকি অঞ্চল থেকে আগামী বছরের মধ্যেই ওই আইন সম্পূর্ণ ভাবে প্রত্যাহার করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্র এবং নাগাল্যান্ড ও অসম সরকারের মধ্যে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানের লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (MoU) উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময়েই এই কথা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই সমঝোতা স্মারক স্বাক্ষর ওই অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের এক নতুন যুগের প্রতিফলন বলেও মন্তব্য করেন তিনি। ওই অঞ্চলে শান্তি ফিরে আসার কারণেই এই কাজ সম্ভব হয়েছে বলে জানিয়েছেম অমিত শাহ।
উত্তর-পূর্বাঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির উন্নতির ফলে সরকার ওই অঞ্চলের অধিকাংশ এলাকা থেকে AFSPA সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে সক্ষম হবে বলেও নিশ্চিত তিনি।
গত কয়েক বছরে উত্তর-পূর্ব ভারতে হিংসার ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই কারণে আগামী বছরের মধ্যে সমগ্র উত্তর-পূর্বাঞ্চল থেকে আফস্পা সম্পূর্ণভাবে প্রত্যাহারের লক্ষ্যে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। ওই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।