• সিবিএসই পোর্টালে গলদ ধরিয়ে আইআইটিতে চাকরি নিসর্গের, নজির বাংলার যুবকের
    বর্তমান | ১২ জুন ২০২৬
  • নয়াদিল্লি: সিবিএসই পরীক্ষার অন স্ক্রিন মার্কিং (ওএসএম) নিয়ে বিতর্ক চলছে। অনলাইনে উত্তরপত্র ঠিকমতো মূল্যয়ন করা হচ্ছে না বলে বহু ছাত্রছাত্রীর অভিযোগ। ইতিমধ্যে ওএসএম পদ্ধতিতে বড়সড় গলদ খুঁজে দিয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন বাঙালি তরুণ নিসর্গ অধিকারী। এবার দ্বাদশ শ্রেণি পাশ করা নিসর্গ আইআইটি-কানপুরে চাকরি পেলেন। আইআইটির সাইবার সিকিউরিটি ইনোভেশন সেন্টারে ‘ওপেন সোর্স ইন্টেলিজেন্স এবং থ্রেট ইন্টেলিজেন্স ইঞ্জিনিয়ার’ হিসাবে নিযুক্ত করা হয়েছে তাঁকে।

    চলতি বছরেই দ্বাদশ শ্রেণি পাশ করেছেন নিসর্গ। গত ২২ মে নিজের তৈরি ওয়েবসাইটে একটি পোস্টের মাধ্যমে সিবিএসই পোর্টালের নিরাপত্তা ব্যবস্থায় ফাঁকফোকরগুলি তুলে ধরেন। সেই পোস্টটি নজরে আসে আইআইটি-কানপুরের ডিরেক্টর মণীন্দ্র আগরওয়ালের। এরপর তিনি নিসর্গের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন। পরে এক সাক্ষাৎকারে আগরওয়াল বলেন, নিসর্গ অধিকারীকে আমাদের সাইবার সিকিউরিটি টিমে ইঞ্জিনিয়ার হিসাবে নিযুক্ত করা হয়েছে। কয়েক বছর আগেও আমরা একই টিমের জন্য কয়েকজন তরুণ ইঞ্জিনিয়ার নিয়েছিলাম। তবে তিনি আমাদের প্রতিষ্ঠানে চাকরি পাওয়া অন্যতম কনিষ্ঠ ইঞ্জিনিয়ার। আপাতত চুক্তিভিত্তিক পদে যোগ দিচ্ছেন ওই যুবক। চাকরি পাওয়ার খবরে উচ্ছ্বসিত নিসর্গ বলেন, এটি একটি দারুণ সুযোগ। এই প্রথম সরাসরি আমি সাইবার নিরাপত্তা সংক্রান্ত কোনো পদে কাজ করতে চলেছি। যদিও বেতন নিয়ে পুরো খুশি হয়নি ওই তরুণ। আর এক হুইসেলব্লোয়ার রাঁচির ১৮ বছরের যুবক সার্থক সিদ্ধান্তকেও চাকরি দেওয়া হয়েছে বলে খবর রটেছিল। যদিও সার্থক নিজেই জানিয়েছেন, আইআইটি কাপেুরে চাকরি পাওয়ার খবর ভিত্তিহীন।
  • Link to this news (বর্তমান)