নয়াদিল্লি: ভারতে চিকিৎসক হওয়ার প্রথম ধাপ নিট ইউজি। সেই ধাপ অতিক্রম করতেই কালঘাম ছুটছে পড়ুয়াদের। পরীক্ষা দিয়ে তাঁরা জানতে পেরেছেন, তা বাতিল হয়ে গিয়েছে। কারণ, প্রশ্নপত্র নাকি আগেই ফাঁস হয়ে গিয়েছিল! ঠিক ২০২৪ সালের মতো। ২১ জুন ফের পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছে এনটিএ। এহেন অবস্থায় দ্বিতীয় পরীক্ষার ফলাফল নিয়ে আতঙ্কে পরীক্ষার্থীরা। চলতি বছরে দ্বাদশ শ্রেণির পরীক্ষার পাশাপাশি নিট দিয়েছিলেন ঋদ্ধিমা বনসল। তাঁর কথায়, ‘ভেবেছিলাম, ভালো রেজাল্ট নিয়ে নামী মেডিকেল কলেজে ভরতি হতে পারব। নিট দিয়ে খুব নিশ্চিন্ত ছিলাম। পরে জানতে পারি, সেই পরীক্ষা বাতিল হয়ে গিয়েছে। পরে বই খুললেও পড়তে ইচ্ছে করছিল না। ঘুমের সমস্যা হচ্ছে। কারণ, এখন ফের রাত তিনটে নাগাদ ঘুমোতে যাচ্ছি। সকাল সাতটায় উঠে পড়তে বসতে হচ্ছে। এনটিএর উপর আর ভরসা নেই।’ বৈভবী নামে আরেক পরীক্ষার্থীর বক্তব্য, ‘পরীক্ষা বাতিলের খবরে কষ্ট পেয়েছিলাম। পরিবারের সঙ্গে ছুটি কাটানোর সময় এই দুঃসংবাদ পাই। এখন পড়াশোনায় আর মন বসছে না। কারণ ফলাফল আগের মতো ভালো হবে না।’ দু’বছর ধরে প্রস্তুতি নেওয়ার পরেও নিট উত্তীর্ণ হতে পারেননি মাধুরী সুধীর শেলার। তাঁর কথায়, ‘দু’বছর ধরে প্রস্তুতি নিয়েছি। এত কষ্টের পর পরীক্ষা বাতিল হলে মন ভেঙে যায়।’