• অনলাইন প্রতারণাতেও কৃত্রিম বুদ্ধিমত্তা! সতর্কবার্তা মন্ত্রকের
    বর্তমান | ১২ জুন ২০২৬
  • নয়াদিল্লি: দেশজুড়ে মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে অনলাইন প্রতারণা। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্তে প্রতারণার শিকার হয়ে লক্ষ লক্ষ টাকা হারাচ্ছেন বহু মানুষ। এরই মধ্যে বৃহস্পতিবার ডিজিটাল প্রতারকদের নয়া ফন্দি নিয়ে সতর্ক করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার (আই৪সি) জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে ডিপফেক ভিডিয়ো বানিয়ে অভিনব প্রতারণার জাল ছড়ানো হয়েছে। সাধারণ মানুষের পাশাপাশি ব্যাংক ও ফিনটেক সংস্থাগুলিকেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আই৪সি।

    ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের আধিকারিকরা জানিয়েছেন, সোশ্যাল মিডিয়া, মেসেজিং অ্যাপ, জব পোর্টাল, ডেটিং সাইট বা ফোনের মাধ্যমে যোগাযোগ করছে প্রতারকরা। ভিডিয়ো কলের মাধ্যমে রেকর্ড করা হচ্ছে চোখের পাতা ফেলা, কথা বলা, মাথা নাড়া বা স্ক্রিনের দিকে তাকানোর ধরন। অত্যাধুনিক এআই টুল ব্যবহার করে ডিপফেক ভিডিয়ো ও নকল পরিচয় তৈরি করা হচ্ছে। সেই ভিডিয়ো ব্যবহার করা হচ্ছে অনলাইন ফেসিয়াল ডিটেকশন, কেওয়াইসি বা অ্যাকাউন্ট রিকভারির ক্ষেত্রে। প্রতারকরা ব্যাংক অ্যাকাউন্ট বা ডিজিটাল ওয়ালেটের নাগাল পাওয়ার পরেই উধাও হচ্ছে টাকা।
  • Link to this news (বর্তমান)