• আজ আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, মালদহজুড়ে বাড়তি সতর্কতা
    বর্তমান | ১২ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, মালদহ: আজ, শুক্রবার প্রথমবার মালদহ সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মালদহ কলেজ অডিটোরিয়ামে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। উপস্থিত থাকবেন মালদহ, মুর্শিদাবাদ ও দুই দিনাজপুরের ডিএম, এসপি সহ প্রশাসনের পদস্থ কর্তারা।

    বিজেপি সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে উপস্থিত থাকার জন্য দলমত নির্বিশেষে আমন্ত্রণ জানানো হয়েছে চার জেলার সমস্ত রাজনৈতিক দলের সাংসদ, বিধায়কদের। এদিকে মুখ্যমন্ত্রীর সফরের একদিন আগেই দুর্যোগপূর্ণ আবহাওয়া মালদহজুড়ে। বৃহস্পতিবার সকাল থেকে টানা বৃষ্টিপাত হয় জেলায়। ইংলিশবাজারে গাছ পড়ে বিপত্তি ঘটে। দুর্যোগের ফলে এদিন বেশকিছু এলাকা কিছুক্ষণের জন্য বিদ্যুৎহীন ছিল। কলকাতা থেকে প্রথমে বাগডোগরা বিমানবন্দর এবং সেখান থেকে চপারে মুখ্যমন্ত্রীর মালদহে আসার কথা ছিল। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তিনি ট্রেনে আসতে পারেন বলে খবর। মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, আবহাওয়া খুব খারাপ। একদিনের মধ্যে ঠিক হওয়ার আশা নেই। তাই মুখ্যমন্ত্রী ট্রেনে মালদহে আসবেন বলে কথা চলছে। 

    মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই মালদহে ছিল সাজোসাজো রব। মালদহ বিমানবন্দর, মালদহ কলেজ অডিটোরিয়াম থেকে শুরু করে শহরের বিভিন্ন এলাকা ব্যানার, পোস্টারে ঢেকে ফেলা হয়। এদিন সকাল থেকে দফায় দফায় জেলা প্রশাসনিক কার্যালয়ে নিরাপত্তা নিয়ে বিশেষ বৈঠক হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, হেলিকপ্টারে মুখ্যমন্ত্রীর আসার কথা ছিল। তারজন্য ইতিমধ্যে মালদহ বিমানবন্দর ঢেলে সাজানো হয়েছে। 

    প্রশাসনিক বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা হতে পারে, সে বিষয়ে এক পদস্থ কর্তা জানান, মালদহ সহ চার জেলার আইনশৃঙ্খলা, অনুপ্রবেশ ইস্যু নিয়ে আলোচনা হতে পারে। কারণ ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলা থেকে আটক প্রায় দুশো বাংলাদেশি অনুপ্রবেশকারীকে মালদহের হোল্ডিং সেন্টারে নিয়ে আসা হয়েছে। রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলির মধ্যে মালদহ এবং মুর্শিদাবাদ অন্যতম। স্বাভাবিকভাবে সীমান্ত সুরক্ষায় বিএসএফকে জমি দেওয়ার কাজের অগ্রগতি নিয়েও বিশদে আলোচনা হওয়ার সম্ভাবনা। 

    রাজ্য ও কেন্দ্রে এখন একই দলের সরকার। ফলে সীমান্ত সুরক্ষায় বিএসএফ এবং রাজ্য পুলিশের মধ্যে কতটা সমন্বয় রয়েছে, তাদের মধ্যে সীমান্তবর্তী এলাকার অপরাধীদের চিহ্নিতকরণ, তালিকা আদানপ্রদান হচ্ছে কিনা, সীমান্তের গ্রামগুলিতে পুলিশি নজরদারি কতটা বাড়ানো হয়েছে, তা নিয়েও আলোচনা হতে পারে বলে প্রশাসন সূত্রে খবর। 

    এছাড়া, বর্ষা চলে আসায় মালদহ, মুর্শিদাবাদ ও দুই দিনাজপুরের নদী ভাঙন রোধ, শিল্প সম্ভাবনা, জেলার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা হতে পারে। মালদহের আম, রেশম শিল্প ও মাখনা চাষের ভবিষ্যৎ নিয়েও মুখ্যমন্ত্রীর বার্তার অপেক্ষায় জেলাবাসী। 
  • Link to this news (বর্তমান)