ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া বাসিন্দাদের রেশন কার্ড বাতিলের সিদ্ধান্ত, রেশন চালু রাখতে ট্রাইবুনালে আবেদনের নথি জমা দেওয়ার হিড়িক
বর্তমান | ১২ জুন ২০২৬
সংবাদদাতা, রামপুরহাট: এসআইআরে নির্বাচন কমিশনের চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে। এবার তাঁদের রেশন কার্ডও বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য খাদ্যদপ্তর। তবে ট্রাইবুনালে আবেদন করা বাসিন্দাদের কার্ড আপাতত চালু থাকবে। কিন্তু সেই আবেদনের নথি জমা দিতে হবে। তাতেই ফ্রি-তে রেশন পেতে ব্লক খাদ্যদপ্তরগুলিতে ট্রাইবুনালের কাগজপত্র জমা দিতে ভিড় বাড়ছে।
এসআইআরের ভিত্তিতে রেশন কার্ড বাতিল করার জন্য গত ৪জুন নির্দেশিকা জারি করেছে রাজ্য খাদ্যদপ্তর। এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে যাঁরা প্রকৃত নাগরিক হওয়া সত্ত্বেও কোনো যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে তালিকা থেকে বাদ পড়েছেন, তাঁরাও আতঙ্কে ভুগছেন। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে বিনামূল্যে রেশন বা খাদ্যশস্য পাওয়া মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের জন্য অত্যন্ত জরুরি। কার্ড বাতিল হলে সেই সুবিধা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। যদিও নির্দেশিকায় বলা হয়েছে, যাঁরা ভোটার তালিকায় নাম পুনর্বহালের জন্য বা নিজেদের নাগরিকত্বের সপক্ষে ট্রাইবুনালে আবেদন জানিয়েছেন তাঁদের কার্ড আপাতত চালু থাকবে। তবে ট্রাইবুনালে আবেদনের রসিদ জমা দিতে হবে ব্লক খাদ্য দপ্তরগুলিতে। তা না দিলে রেশন কার্ড বাতিল হয়ে যাবে। ১৫জুনের মধ্যে এই পুরো প্রক্রিয়া শেষ করার জন্য সময়সীমা বেঁধে দিয়েছে রাজ্য। তাই বিনামূল্যে রেশন পেতে ব্লক অফিসগুলিতে কাগজপত্র জমা দেওয়ার হুড়োহুড়ি পড়ে গিয়েছে। বৃহস্পতিবার মুরারই-১ ব্লক খাদ্যদপ্তরের সামনে রোদ, গরমের মধ্যেও ট্রাইবুনালে আবেদনপত্র, আধার ও ভোটার কার্ডের কাগজ হাতে লম্বা লাইন পড়ে। এই ব্লকের চাতরা গ্রামের মোস্তফা শেখ বলেন, প্রকৃত নাগরিক হওয়া সত্বেও লজিকাল ডিসক্রেপেন্সিতে নাম বাদ পড়েছে। এখন বলা হচ্ছে, রেশনও বন্ধ হয়ে যাবে। দিনমজুরি করে সংসার চালাই। বর্তমানে নিত্যপ্রয়োজনীয় যা জিনিসপত্রের দাম তাতে বিনামূল্যে রেশন বা খাদ্যশস্য পাওয়া অত্যন্ত জরুরি। আর এক বাসিন্দা রেশমা বেওয়া বলেন, এদেশের বাসিন্দা হওয়া সত্বেও ভোটার তালিকায় নাম বাদ যাওয়ায় মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছি। তার উপরে খাদ্যসামগ্রী দেবে না বলছে। আর কতবার লাইনে দাঁড়াব? আমরা চাই ট্রাইবুনালে আবেদন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে এই আতঙ্ক থেকে মুক্তি দেওয়া হোক।
মুরারই-১ ও ২ ব্লকের খাদ্য নিয়ামকের দায়িত্বে থাকা সুব্রত সরকার বলেন, রাজ্য খাদ্যদপ্তর নির্দেশ জারি করে জানিয়েছে, যাদের নাম এসআইআরে ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে তাঁদের রেশন কার্ড বাতিল করা হবে। তবে যারা ট্রাইবুনালে আবেদন করেছেন সেইসমস্ত উপভোক্তা আবেদনের কপি জমা করলে রেশন কার্ড সচল থাকবে। যতদিন না বিচারপ্রক্রিয়া সম্পন্ন হচ্ছে তা চলবে।