নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নারকেলডাঙায় বিজেপি কর্মী হত্যা মামলার দু’টি শুনানিতে আদালতে গরহাজির ছিলেন পূর্বতন তৃণমূল বিধায়ক পরেশ পাল। কিন্তু হাজিরার ক্ষেত্রে কোর্টের কড়া নির্দেশের পর বৃহস্পতিবার তড়িঘড়ি বিচারভবনের বিশেষ আদালতে হাজিরা দেন অভিযুক্ত এই তৃণমূল নেতা। মামলার শেষে জামিনে থাকা এই অভিযুক্ত আদালত থেকে বার হওয়া মাত্র তাঁকে লক্ষ্য করে ‘চোর,’ ‘চোর’, ‘তোলাবাজ’ ধ্বনি দিতে থাকে কিছু বিক্ষোভকারী। দু’একজন সঙ্গে করে কিছু ডিমও নিয়ে এসেছিলেন। পরিস্থিতি বেগতিক দেখে ফের তিনি কোর্ট ক্যাম্পাসে চলে যান কয়েকজনকে সঙ্গে নিয়ে। পরে তিনি অ্যাম্বুলেন্সে চেপে কোনোভাবে পুলিশি সহায়তায় কোর্ট চত্বর ছাড়েন। কয়েকজন গাড়ির পিছন পিছন ছুটতে থাকেন। হুলস্থুল পরিস্থিতির সৃষ্টি হয়। তখন একজন ডিম ছুড়লেও তা অন্য জায়গায় গিয়ে পড়ে। ফের ‘চোর’ ‘চোর’ ধ্বনি ওঠে। সঙ্গে ‘জয় শ্রীরাম’।
আদালতে পরেশ পালের তরফে জানানো হয়, তিনি অসুস্থ। চিকিৎসা চলছে। তাই আগের শুনানি দু’টিতে গরহাজির ছিলেন। ২৩ জুন ফের অভিযুক্তদের কোর্টে হাজির হওয়ার নির্দেশ দেন বিচারক। ওইদিন চার্জ গঠনের শুনানির কথা। এদিন মৃত অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার বলেন, ‘আমাদের এই আইনি লড়াই জারি থাকবে।’