• উলুবেড়িয়ায় পাপিয়া অধিকারীকে হেনস্তার অভিযোগ, ধৃত আরও ৩
    বর্তমান | ১২ জুন ২০২৬
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: ২০২১ সালে বিধানসভা নির্বাচনের দিন উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে দলের আহত কর্মীদের দেখতে গিয়ে হেনস্তার শিকার হয়েছিলেন উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৎকালীন বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী। ওই ঘটনায় বিজেপি প্রার্থীর অভিযোগের ভিত্তিতে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল উলুবেড়িয়া থানার পুলিশ। সেই ঘটনার তদন্তে নেমে বুধবার রাতে পুলিশ আরও তিন অভিযুক্তকে গ্রেপ্তার করল। জানা গিয়েছে, ধৃতরা হল উলুবেড়িয়ার ফতেপুর এলাকার বাসিন্দা ভদ্রেশ্বর মণ্ডল ও দেবাশিস মাজি এবং বহিরা অঞ্চলের মহিষালি এলাকার বাসিন্দা হেমন্ত ভক্তা। ধৃতদের বৃহস্পতিবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন।

    জানা গিয়েছে, ২০২১ সালে বিধানসভা নির্বাচনের দিন উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের কলিয়া অঞ্চলে তৃণমূল ও বিজেপি কর্মীদের সংঘর্ষে বেশ কয়েকজন মারাত্মক জখম হয়েছিলেন। তাঁরা সকলেই বিজেপি কর্মী। তাঁদের উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে বিজেপির তদানীন্তন প্রার্থী পাপিয়া অধিকারী সেখানে ছুটে যান। সেই সময় হাসপাতালে উপস্থিত বিজেপি কর্মীদের সঙ্গে বচসা হয় তৃণমুল নেতা আকবর শেখের। অভিযোগ, পাপিয়া আহত কর্মীদের দেখে হাসপাতাল থেকে বেরনোর সময় তাঁকে প্রকাশ্যেই হেনস্তা করা হয়। তাঁকে ধাক্কা মারার আভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। এরপর পাপিয়া আধিকারী উলুবেড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে। পাঁচ বছর পর সেই মামলার তদন্তে নেমে বুধবার আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিজেপির হাওড়া গ্রামীণ জেলার সভাপতি দেবাশিস সামন্ত বলেন, সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করেছে। আমরা চাই, ওই ঘটনার সঙ্গে যুক্ত সব অভিযুক্তকেই গ্রেপ্তার করুক পুলিশ। এদিন আদালতে যাওয়ার পথে ধৃতদের দাবি, তারা ওই ঘটনার সঙ্গে যুক্ত নয়।
  • Link to this news (বর্তমান)