যুব সভানেত্রী সায়নীর বিরুদ্ধে ক্ষোভের বিস্ফোরণ তৃণমূলেই
বর্তমান | ১২ জুন ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী হওয়ার পর থেকে সায়নী ঘোষের ভূমিকা নিয়ে অভিযোগ উঠছিলই। বিশেষ করে রাস্তায় নেমে আন্দোলন কর্মসূচিতে সাড়া জাগাতে পারেননি বলে অভিযোগ উঠেছে সায়নীর বিরুদ্ধে। ঘটনাচক্রে সদ্য প্রকাশিত তৃণমূলের কমিটিতে ফের সায়নীকে যুব সভানেত্রী পদ দেওয়া হয়েছে। তারপর থেকে সায়নীর বিরুদ্ধে ক্ষোভ আরো বেড়ে গিয়েছে। দলের যুব শাখার কর্মীরা প্রকাশ্যেই বলেছেন, যাঁকে রাজ্য সভানেত্রীর পদ দেওয়া হয়েছে, তিনি কেন সংগঠন দেখছেন না। এমনকি সায়নীকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেও তকমা সেঁটে দেওয়া হয়েছে। এই অবস্থায় যুব সংগঠনে সায়নীর পারফরম্যান্স এত খারাপের পর কেন তাঁকে পদে রেখে দেওয়া হয়েছে, সেই প্রশ্নটা তুলেছেন দলের যুব কর্মীরা। জানা গিয়েছে, তৃণমূলের যুব কংগ্রেসের হোয়াটসঅ্যাপ গ্রুপে সায়নীর বিরুদ্ধে প্রশ্ন তুলে দিয়েছেন নেতারা। যুব নেতা মৃত্যুঞ্জয় পাল বলেছেন, আমাদের সভাপতি সায়নী ঘোষের বর্তমান অবস্থান কী? দল সমস্ত সংগঠন ভেঙে দিয়ে নতুন করে কমিটি গঠন করলেও রাজ্য যুব সভাপতির পদে সায়নী ঘোষকইে বহাল রেখেছে।
লক্ষণীয় যে, বৃহস্পতিবার হঠাৎ দেখা যায় অন্য শহর থেকে কলকাতায় আসেন সায়নী। মাস্ক, টুপি, সানগ্লাস পরে কলকাতা বিমানবন্দর থেকে বেরোচ্ছেন। তা দেখে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের টিপন্নী, সায়নীকে মুখ ঢেকে যেতে হল কেন? তিনি কী এমন কাজ করেছেন যাতে এভাবে যেতে হল! এখন তো করোনার সময় নয় যে মুখ ঢেকে যেতে হবে? কাউকে কোনো পদে বসিয়ে দল যদি কোনো ভুল কাজ করে আমি তার সমালোচনা করবই।