পালাবদল হওয়ার পর নামখানা ব্লকে বদলাচ্ছে গ্রামীণ রাস্তার নাম
বর্তমান | ১২ জুন ২০২৬
সংবাদদাতা, কাকদ্বীপ: রাজ্যে রাজনৈতিক পালাবদল হতেই গ্রামের রাস্তার নাম পরিবর্তন শুরু হয়েছে। সর্বত্র নতুন করে লেখা হচ্ছে রাস্তার নাম। এছাড়া রাস্তা তৈরির কাজ সম্পূর্ণ হয়ে গেলে আগামী পাঁচবছরের রক্ষণাবেক্ষণের নিয়মাবলী জানাতে ফলক লিখে বসানো হচ্ছে রাস্তার পাশে। যদিও রাস্তা তৈরি হয়েছে আগেই। এবং পাঁচবছর রক্ষণাবেক্ষণের যে মেয়াদকাল তাও গিয়েছে শেষ হয়ে। কিন্তু তা সত্ত্বেও ঠিকাদাররা এখন ফলক বসাতে শুরু করেছেন। জানা গিয়েছে, নামখানা ব্লকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা তৈরি করা হয়েছিল কিছু সংখ্যক। কিন্তু আগের সরকার রাস্তাগুলির নাম বদলে ফলকে বাংলা সড়ক যোজনা লিখেছিল। সেগুলির পাশে রক্ষণাবেক্ষণ সংক্রান্ত ফলক ছিল না। বিজেপি সরকারে আসার পর সেই রাস্তাগুলির নাম বদলে বসানো হচ্ছে নতুন ফলক এবং লেখা হচ্ছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। দেখা গিয়েছে, ওই ব্লকের বেশিরভাগ রাস্তার কাজ ২০১৯-’২০ অর্থবর্ষে সম্পূর্ণ হয়ে গিয়েছে। রক্ষণাবেক্ষণের মেয়াদ ২০২৫ সালে শেষ হয়ে গিয়েছে। কিন্তু এ সংক্রান্ত কোনো ফলক লাগানো ছিল না। ২০২৬ সালে এসে এখন বসানো হচ্ছে ফলক। তা দেখার পর বিক্রম সাহু নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আগে ফলকে ভুল তথ্য দেওয়া থাকত। তা মুছে নতুন করে লেখা হচ্ছে। মূলত টাকা আত্মসাৎ করার জন্য সাধারণ মানুষের কাছে আসল তথ্য গোপন করা হত। কিন্তু এখন সব স্বচ্ছভাবে করা হচ্ছে।’ বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার অফিস সম্পাদক অনুপ সামন্ত বলেন, ‘অতীতে তৃণমূল সরকার কেন্দ্রের প্রত্যেকটি প্রকল্প চুরি করে নিজেদের নামে চালিয়েছে। কিন্তু রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসতেই ঠিকাদাররা স্বচ্ছতা মানুষের কাছে তুলে ধরা শুরু করেছে। মেয়াদ শেষ হয়ে যাওয়া রক্ষণাবেক্ষণের নিয়মাবলীর ফলকও নতুন করে বসাচ্ছে। আসলে আইনের হাত থেকে বাঁচতে ঠিকাদাররা নিজেরাই সতর্ক হয়ে গিয়েছে।’ নিজস্ব চিত্র