এই সময়, নৈহাটি: এ বার বিদ্যুৎ চুরির অভিযোগে নৈহাটি পুরসভার এক কাউন্সিলার-সহ বেশ কয়েকটি বাড়িতে বুধবার হানা দিলেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। তাঁরা বিদ্যুতের মিটারগুলি পরীক্ষা করে দেখেন তাতে কারসাজি করা আছে। এর পরই নৈহাটি পুরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মনোয়ারা বিবি-সহ বেশ কয়েকটি বাড়ির বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়।
বিদ্যুৎ দপ্তরের দাবি, নৈহাটির ইশক সরদার রোডে বিদ্যুতের বিল নিয়ে সন্দেহ হওয়ায় অভিযান চালানো হয়। তখনই নজরে আসে কাউন্সিলার মনোয়ারা বিবির বাড়ি-সহ একাধিক বাড়িতে বিদ্যুৎ মিটারে বিশেষ যন্ত্র লাগানো আছে। এই যন্ত্রের কাজ হলো বিদ্যুৎ বিল কম করে দেওয়া, যা সম্পূর্ণ বেআইনি। এর পরই দপ্তরের আধিকারিকরা নৈহাটি থানার পুলিশের সাহায্য নিয়ে ওই বাড়িগুলিতে বিদ্যুৎ সংযোগ কেটে দেয়। কাউন্সিলারের ছেলে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের বাধা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ।
যদিও কাউন্সিলারের পরিবারের দাবি, গরমে পরিবারগুলি কষ্ট পাচ্ছিল বলে এই ব্যবস্থা করা হয়েছিল। যদিও ঘটনার পর এলাকায় ব্যাপক চঞ্চল্য ছড়িয়েছে। অনেকেই দাবি করেছেন, এই বেআইনি বিদ্যুৎ সংযোগের জন্য তাঁদের সমস্যা হচ্ছিল। কাউন্সিলার-সহ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে নৈহাটি থানার পুলিশ।