: পাথরপ্রতিমা ব্লকের রামগঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায় শতাব্দী প্রাচীন শিবমেলার পুকুর দুধপুকুরকে ঘিরে অবশেষে স্বস্তির খবর। ১৫০ বছরেরও বেশি পুরনো ঐতিহ্যের সাক্ষী দুধপুকুর ভরাট করে দেওয়া হচ্ছিল। তবে এখন আবার সেই পুকুর কাটা হচ্ছে। স্থানীয় বাসিন্দা কানাইয়া জানা আইনি পথে এই পুকুরকে রক্ষা করার উদ্যোগ নেন। আইনি উদ্যোগের পর প্রশাসন বিষয়টিতে হস্তক্ষেপ করে দুধপুকুরকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দেয়। সেই নির্দেশ মেনেই বর্তমানে পুকুর পুন:খননের কাজ শুরু হয়েছে। ফলে খুশি স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা সুনির্মল পাত্র জানান, রামগঙ্গা অঞ্চলের গোবিন্দপুর এলাকার জঙ্গলের মধ্যে প্রায় ১৫০ বছর থেকে শিবপুজো চলে আসছে। এখন বিশাল মেলা হয়। শিবচতুর্দশী উপলক্ষে বিশাল মেলার আয়োজন করা হয়। প্রতিবছর টানা ১৫ দিনব্যাপী এখানে ধর্মীয় অনুষ্ঠানে কয়েক লক্ষ ভক্তের সমাগম ঘটে। সেই কয়েক লক্ষ ভক্তের ঢালা জল ও দুধ নির্দিষ্ট পথ দিয়ে প্রবাহিত হয়ে পাশের দুধপুকুরে গিয়ে জমা হত। ফলে এই পুকুর স্থানীয় মানুষের ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হিসেবে পরিচিত। সেই পুকুর পুনরুদ্ধারের কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয়রা।
ধর্মীয় ঐতিহ্য, মানুষের বিশ্বাসকে রক্ষা করার লড়াইয়ে দুধপুকুর পুনরুদ্ধারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের আশা, দ্রুত কাজ সম্পূর্ণ করে শিবমেলার এই ঐতিহ্যবাহী অংশকে আবারও আগের রূপে ফিরিয়ে আনা হবে। ফলে আগের মতোই এই পুকুরে জল ও দুধ পড়তে দেখতে পাবেন স্থানীয় বাসিন্দারা। এই পুকুর নতুন করে সংস্কার হওয়ায় স্থানীয় গ্রামবাসীরা তা দেখতে পুকুর পাড়ে ভিড় জমিয়েছেন।