ভারী বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে বইবে ঝড়, আজ কোন কোন জেলায় দুর্যোগ?
আজ তক | ১২ জুন ২০২৬
অবশেষে শান্তির বৃষ্টি এসেছে। কেটেছে ভ্যাপসা গরম। মিলেছে স্বস্তি। তাপমাত্রা কমেছে। আর আজও বৃষ্টিমুখর আবহাওয়া থাকবে বলেই জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। এমনকী ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার একটা সম্ভাবনাও প্রবল হয়েছে। তাই আর সময় নষ্ট না করে দ্রুত আবহাওয়া আপডেট জেনে নেওয়া যাক। সেই মতো ছাতা নিয়ে না হয় বেরবেন রাস্তায়।
দক্ষিণবঙ্গে কী পরিস্থিতি?
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের কিছু জেলায় রয়েছে কমলা সতর্কতা। বিশেষত, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ার মতো জেলায় বজ্রপাতের সঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ঝড় বয়ে যেতে পারে ৫০ থেকে ৬০ কিমি বেগে। তাই আজ এই সব জেলার মানুষজন অবশ্যই সতর্ক থাকুন। তবে শনিবার এই জেলাগুলিতে পরিস্থিতি কিছুটা শান্ত হবে। বৃষ্টি হলেও সেটা বেশি বিরক্ত করবে না। এমনকী ঝড়ের গতিবেগেও কমবে। মোটামুটি ৪০ থেকে ৫০ কিমি বেডে ঝড় বয়ে যেতে পারে।
আজ, শুক্রবার কলকাতা, হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনাতেও ভালই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে চমকাতে পারে বজ্রবিদ্যুৎ। পাশাপাশি ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে। যদিও আগামিকাল থেকে এই সব জেলায় তেমন কোনও জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা নেই।
ও দিকে মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়াতে আজ সতর্কতা জারি রয়েছে। এই জেলাগুলিতেও আজ ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে। পাশাপাশি বজ্রপাতের একটা সম্ভাবনাও থাকছে। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
উত্তরবঙ্গে কী পরিস্থিতি?
১২ থেকে ১৪ জুন পর্যন্ত পাহাড় এবং ডুয়ার্সেল এলাকাতে হলুদ সতর্কতা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই সময় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পাশাপাশি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনাও প্রবল।
একটু নীচের দিকে, অর্থাৎ উত্তর ও দক্ষিণ ২৪ দিনাজপুর এবং মালদাতেও হলুদ সতর্কতা জারি রয়েছে। এই সব জেলাতেও ৪০ থেকে ৫০ কিমি বেগে হাওয়া বয়ে যেতে পারে।
বর্ষা কি এসে গিয়েছে?
সবার মনেই একই প্রশ্ন। তার উত্তরে বলি, ইতিমধ্যেই উত্তরবঙ্গে চলে এসেছে বর্ষা। তাই সেখানে নিয়মিত বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। দক্ষিণবঙ্গের দিকে সেটা অগ্রসর হয়েছে।