• ১৪ জুন অভিষেককে ফের তলব
    দৈনিক স্টেটসম্যান | ১২ জুন ২০২৬
  • টানা সাড়ে পাঁচ ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা নাগাদ ভবানী ভবন থেকে বেরিয়ে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সই জালিয়াতি মামলায় তদন্তকারীদের মুখোমুখি হওয়ার পর তিনি সংবাদমাধ্যমের সঙ্গে কোনও কথা বলেননি। সিআইডি দপ্তর থেকে বেরিয়ে তিনি সোজা কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান বলে খবর।

    সূত্র মারফত জানা গিয়েছে, অভিষেকের জবাবে সন্তুষ্ট নন তদন্তকারী আধিকারিকরা। সেই কারণে তাঁকে আগামী ১৪ জুন ফের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সেই সংক্রান্ত নোটিস তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে বলে খবর।

    বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার কিছু আগে ভবানী ভবনে পৌঁছন অভিষেক। প্রথমে কয়েকজন আধিকারিক তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। পরে প্রায় ১০ জন আধিকারিকের একটি দল দীর্ঘক্ষণ ধরে তাঁকে প্রশ্ন করেন। সিআইডির এডিজি সুপ্রতিম সরকারও সেখানে উপস্থিত ছিলেন। তদন্তকারীদের প্রশ্নের মধ্যে ছিল সই জাল সংক্রান্ত প্রশ্ন।

    ৬ মের বৈঠক অনুপস্থিত থাকা সত্ত্বেও কয়েকজন বিধায়কের স্বাক্ষর কীভাবে চিঠিতে এল, তা নিয়ে প্রশ্ন করা হয়। কারা সেই সই করেছেন এবং রেজোলিউন বুক কোথায় তা নিয়েও প্রশ্ন করা হয়। রাত ১১টা ২০ মিনিটে ভবানী ভবন থেকে বেরিয়ে যান এডিজি সুপ্রতিম সরকার। কিছুক্ষণ পর সেখান থেকে বেরিয়ে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

    উল্লেখ্য সই জালিয়াতি মামলায় গত কয়েক সপ্তাহ ধরে সিআইডির নজরে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে টানা তিন বার তিনি হাজিরা এড়ান। তারপর কলকাতা হাইকোর্টে রক্ষাকবচের আবেদন করেন। শুনানিতে বিচারপতি কৌশিক চন্দ তাঁকে তদন্তে সহযোগিতার নির্দেশ দেন এবং ২১ দিনের রক্ষাকবচ  মঞ্জুর করেন। সেই সঙ্গে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে সিআইডি দপ্তরে হাজির দেওয়ারও নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ মেনেই তিনি এদিন ভবানী ভবনে হাজিরা দেন।

     
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)