• 'কলকাতা গান সমঝদারদের শহর'- আনন্দের শহরে গান গাইতে কবে আসছেন হরিহরণ
    eTV Bharat | ১২ জুন ২০২৬
  • কলকাতা, 12 জুন: গজল ভারতীয় সঙ্গীতের এক স্বতন্ত্র ঘরানা, যা সঙ্গীতের রসিকদের কাছে বেশ পছন্দের। হিন্দি ছবির গানের পাশাপাশি এক বহমান নদীর মতো বয়ে চলেছে নিজের আপন ছন্দে। ঘণ্টার পর ঘণ্টা গজলের মেহফিল চলে, শ্রোতারা বুঁদ হয়ে থাকেন তার সুরের সুবাস, কথার জাদুতে। গজল মূলত কথা প্রধান গান। প্রেম, বিরহ মানুষের নানা অনুভূতি কাব্যময় ভঙ্গিতে পরিবেশন করা হয়, যা সুরের স্নিগ্ধতায় পরিণত হয়ে ওঠে। এবার কলকাতাবাসীর কাছে অনন্য সুযোগ এই বিশেষ গজল সন্ধ্যা উপভোগ করার।

    "কলকাতা সঙ্গীতের শহর, গান সমঝদারদের শহর..." কলকাতায় গান গাইতে আসার আগে এমন কথাই বললেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী হরিহরণ। হরিহরণের একক গজল সন্ধ্যা 'উস্তাদ-এ-গজল', আগামী 20 জুন, নজরুল মঞ্চে মঞ্চস্থ হবে সন্ধ্যা 6টা থেকে। আয়োজনে 'বেঙ্গল ওয়েব সলিউশন'। নিবেদনে দুটি স্বনামধন্য প্রসাধনী ব্র‍্যান্ড। হরিহরণ বললেন, "কলকাতা সঙ্গীতের শহর, গান সমঝদারদের শহর। এখানে বারে, বারে ফিরে এসে গান পরিবেশন করতে ভালো লাগে।"

    দীর্ঘ পঞ্চাশ বছর আগে গজলেই হাতেখড়ি হরিহরণের। পরবর্তিকালে ভারতীয় নানা ভাষায় ছায়াছবির গানে জনপ্রিয় হন তিনি। হরিহরণ পেয়েছেন জাতীয় পুরস্কার, পদ্মশ্রী। বিশিষ্ট সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে নিবেদন করেছিলেন রবি অনন্থ আর্থাৎ হরিহরণ জি'র গজল অ্যালবাম 'সুকুন'। গানের সুরকারও ছিলেন হরিহরণ স্বয়ং। এর পর ছায়াছবির গান, নন ফিল্ম পপ অ্যালবাম, গজল নানা ধারার গান নিয়ে কাজ করে আসছেন পঞ্চাশ বছর ধরে। তিরিশের বেশি গজল অ্যালবাম আছে শিল্পীর। 'গুলফাম', 'আবসর'-এ-গজল গেয়েছিলেন আশা ভোঁসলের সঙ্গে। 'কাশ', ' হালকা নশা', 'জশন' তাঁর অন্যতম সফল গজলের অ্যালবাম।

    হরিহরণ হলেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ ও বহুমুখী কণ্ঠশিল্পী। তিনি প্রধানত হিন্দি, তামিল, মালয়ালম, মারাঠি এবং তেলুগু সহ 10টিরও বেশি ভাষায় 15 হাজারের বেশি গান গেয়েছেন। গজল গায়ক হিসেবে ও 'কলোনিয়াল কাজিনস' ব্যান্ডের মাধ্যমে ভারতীয় ফিউশন সঙ্গীতের পথপ্রদর্শক হিসেবে তিনি বিশ্বজুড়ে সমাদৃত। ভারতীয় সঙ্গীতে অসামান্য অবদানের জন্য 2004 সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। এছাড়াও তিনি দু'বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।
  • Link to this news (eTV Bharat)