• পুরসভায় দুর্নীতির অভিযোগ, এলাকায় পড়ল পোস্টার
    এই সময় | ১২ জুন ২০২৬
  • এই সময়, চন্দ্রকোণা: তৃণমূল পরিচালিত দু’টি পুরসভায় দুর্নীতির অভিযোগ তুলে পোস্টার পড়ল রামজীবনপুর ও ক্ষীরপাই পুর–এলাকায়। বৃহস্পতিবার সকালে ওই পোস্টার নজরে আসতেই চাঞ্চল্য ছড়ায়।

    অভিযোগ, রামজীবনপুর ও ক্ষীরপাই— দু’টি পুরসভায় সরকারি প্রকল্পে দুর্নীতি হয়েছে। পোস্টারে নতুন সরকারের কাছে তদন্তের দাবি করা হয়েছে। জানা গিয়েছে, একটি পুর–এলাকায় বিজেপির নেতা–কর্মীদের একাংশ পোস্টার সাঁটিয়েছেন। অন্য এলাকায় ‘সচেতন নাগরিকবৃন্দ’ নাম দিয়ে পোস্টার পড়েছে।

    রামজীবনপুরের নতুনবাজার, পুরাতন হাট, পুরসভার সামনে ও বিভিন্ন এলাকায় পোস্টার সাঁটিয়েছেন বিজেপির নেতা–কর্মীদের একাংশ। অভিযোগ, পুরসভার চেয়ারম্যান কল্যাণ তিওয়ারি ‘অমৃত প্রকল্প’–এর টাকা স্ত্রীর গোষ্ঠীকে পাইয়ে দিয়েছেন। পোস্টারে আছে ডিম–হুমকিও— ‘দুর্নীতি করলে শাস্তি পাবে বেটা হোক বা বেটি, দোকান থেকে কেনা আছে পচা ডিমের পেটি।’

    স্থানীয় বিজেপি নেতা, চন্দ্রকোণা–৩ মণ্ডলের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্যের অভিযোগ, ‘আমাদের কাছে তথ্য আছে যে, চেয়ারম্যানের স্ত্রী স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত। তাঁর অ্যাকাউন্টে ‘অমৃত ভারত’–এর বহু টাকা এসেছে। যে গাছগুলো রোপণ করা হয়েছিল সেগুলো পরিচর্যার অভাবে নষ্ট হয়েছে। আমরা প্রশাসনের কাছে পূর্ণাঙ্গ তদন্তের দাবি করছি।’

    চেয়ারম্যান কল্যাণ তিওয়ারির দাবি, ‘স্ত্রীর নয়, ওটা স্বনির্ভর গোষ্ঠীর অ্যাকাউন্ট। সরকারের নিয়ম মেনেই অ্যকাউন্টে টাকা এসেছে। এতে কোনও দুর্নীতি নেই। আমার স্ত্রী বলে কি তিনি স্বনির্ভর গোষ্ঠী করতে পারেন না?’

    অন্যদিকে, ক্ষীরপাই পুরসভায় দুর্নীতির অভিযোগ তুলে পোস্টার পড়েছে হালদারদিঘি, চৌকান, হাটতলা, কিষাণ মান্ডি–সহ একাধিক জায়গায়। সেখানেও পুকুর ভরাট, বেআইনি নির্মাণ, রাস্তা–সহ একাধিক বিষয়ে দুর্নীতির অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। দল পরিবর্তন করে কেউ যাতে পুরোনো দুর্নীতি ও কেলেঙ্কারির দায় এড়াতে না পারেন তা নিশ্চিত করারও দাবি রয়েছে পোস্টারে। পোস্টারের নীচে লেখা রয়েছে ক্ষীরপাইয়ের ‘সচেতন নাগরিকবৃন্দ’।

    এমন পোস্টার সামনে আসতেই পুরসভার বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। স্থানীয় বিজেপি নেতা, আরামবাগ সাংগঠনিক জেলা যুব মোর্চার সম্পাদক শান্তি অধিকারী বলেন, ‘ক্ষীরপাইয়ের নাগরিক সমাজকে আমি ধন্যবাদ জানাই। তারা দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছে। পোস্টারে যে সব অভিযোগ তোলা হয়েছে তার সঠিক তদন্ত করে প্রশাসন দোষীদের শাস্তির ব্যবস্থা করুক।’

    ক্ষীরপাই পুরসভার চেয়ারম্যান বিকাশ দাস বলেন, ‘পোস্টারের বিষয়টি শুনেছি। খোঁজ নিয়ে দেখছি। এমন কোনও অভিযোগ থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ চন্দ্রকোণার বিধায়ক বিজেপির সুকান্ত দোলই বলেন, ‘যেখানে যা অভিযোগ রয়েছে তার তদন্ত হবে। আমাদের সরকার দুর্নীতির সঙ্গে কোনও আপস করে না।’

  • Link to this news (এই সময়)