মালদহে এনসিসি ক্যাডেটদের বিশেষ প্রশিক্ষণ... ভবিষ্যতের সেনা তৈরি হবে এখান থেকেই
News18 বাংলা | ১২ জুন ২০২৬
শুধু প্যারেড বা সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণই নয়, এনসিসি-র প্রশিক্ষণের মাধ্যমে মিলবে ভবিষ্যতে সশস্ত্র বাহিনীতে যোগদানের সুযোগ। বর্তমান প্রজন্মকে শৃঙ্খলাবদ্ধ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে মালদহে শুরু হয়েছে এনসিসি ইলেভেন বেঙ্গল ব্যাটেলিয়নের ১০ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প।
মালদহের ইংরেজবাজারের চন্দন পার্ক এলাকার মালদহ গভর্নমেন্ট মডেল মাদ্রাসায় ১০ জুন থেকে শুরু হওয়া এই শিবির চলবে আগামী ১৯ জুন পর্যন্ত। এই প্রশিক্ষণ শিবিরে মালদহ ও উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ৪০০-রও বেশি এনসিসি ক্যাডেট অংশ নিয়েছে। শিবিরে ক্যাডেটদের পিটি, ড্রিল, মৌলিক সামরিক প্রশিক্ষণ, অস্ত্র পরিচালনার প্রাথমিক ধারণা, সমাজসেবা ও বিভিন্ন দুঃসাহসিক কার্যক্রমের বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মাঠে নেমে এনসিসি ক্যাডেটদের বাস্তবভিত্তিক প্রশিক্ষণ প্রদান করছেন সেনাবাহিনীর প্রশিক্ষিত কর্মীরা।
ক্যাম্পের দায়িত্বে থাকা এনসিসি অফিসার দেবজয় ভট্টাচার্য জানান, “১৯ জুন পর্যন্ত চলা এই প্রশিক্ষণ শিবিরে ছাত্রছাত্রীদের একজন আদর্শ নাগরিক ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এনসিসি-র ‘বি’ ও ‘সি’ সার্টিফিকেটধারীরা ভবিষ্যতে ভারতীয় সশস্ত্র বাহিনীতে যোগদানের ক্ষেত্রে বিশেষ সুবিধা ও অগ্রাধিকার পাবেন।” উল্লেখ্য, স্কুলে অষ্টম শ্রেণির পর ১৩ বছর বয়স থেকে শুরু করে ২৬ বছর বয়স পর্যন্ত শিক্ষার্থীরা স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে এনসিসি-তে যোগ দিতে পারবেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিচালিত এই স্বেচ্ছাসেবী সংগঠন দীর্ঘদিন ধরে দেশের যুবসমাজকে চরিত্র গঠন, নেতৃত্ব বিকাশ এবং দেশসেবার আদর্শে উদ্বুদ্ধ করে আসছে। এই প্রশিক্ষণ শিবিরও সেই লক্ষ্য পূরণেরই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।