সাতসকালে বাগানের পাশে কালো প্যাকেট! বাদুড়িয়ায় তীব্র আতঙ্ক, কাছে যেতেই দেখা গেল বোমা
News18 বাংলা | ১২ জুন ২০২৬
: সাতসকালে রাস্তার পাশ থেকে উদ্ধার তরতাজা বোমা, চাঞ্চল্য বাদুড়িয়ায়। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার আঠুরিয়া সাড়ে ছয় মাইল এলাকায় রাস্তার ধারে একটি বাগান থেকে এদিন সকালে দু’টি তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে কয়েকজন কৃষক ওই বাগানের পাশ দিয়ে সবজি ক্ষেতে কাজ করতে যাওয়ার সময় কালো প্লাস্টিকে মোড়া একটি সন্দেহজনক প্যাকেট দেখতে পান। বিষয়টি নিয়ে সন্দেহ হওয়ায় তাঁরা অন্যদের খবর দেন। অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা।
খবর পেয়ে কাটিয়াহাট পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্যাকেটটি পরীক্ষা করে। প্যাকেট খুলতেই তার ভিতর থেকে দু’টি তাজা বোমা উদ্ধার হয়। পরে নিরাপত্তার সঙ্গে বোমাগুলি উদ্ধার করে পুলিশ নিজেদের হেফাজতে নেয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আশপাশের এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। অনেকেই নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলের কাছাকাছি যাওয়া এড়িয়ে চলেন। পুলিশ এলাকাটি ঘিরে রেখে প্রাথমিক তদন্ত শুরু করে এবং আশপাশে আরও কোনো বিস্ফোরক রয়েছে কি না, তা খতিয়ে দেখা হয়।
তদন্তকারীরা আশপাশের বাসিন্দাদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করছেন। পাশাপাশি, এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান খতিয়ে দেখার উদ্যোগও নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। বোমাগুলি কতদিন ধরে সেখানে পড়ে ছিল নাকি সম্প্রতি রাখা হয়েছে, সেই বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে। কারা ওই বোমাগুলি সেখানে রেখে গিয়েছিল এবং কী উদ্দেশ্যে সেগুলি মজুত করা হয়েছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বাদুড়িয়া থানার পুলিশ। প্রয়োজন হলে বোমাগুলি পরীক্ষার জন্য বিশেষজ্ঞদের কাছেও পাঠানো হতে পারে বলে সূত্রের খবর।
ঘটনার পর এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে এবং স্থানীয় মানুষকে সতর্ক থাকার পাশাপাশি কোনও সন্দেহজনক বস্তু দেখতে পেলে দ্রুত পুলিশকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। প্রশাসনের দ্রুত পদক্ষেপে বোমাগুলি উদ্ধার হওয়ায় বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগ ও কৌতূহল এখনও অব্যাহত রয়েছে।