• নদিয়ায় তৃণমূল বোর্ড ভেঙে বিজেপির দখলে পঞ্চায়েত
    দৈনিক স্টেটসম্যান | ১২ জুন ২০২৬
  • রানাঘাট-২ নম্বর ব্লকের যুগলকিশোর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পরিচালিত বোর্ড ভেঙে নতুন করে গঠিত হল বিজেপির বোর্ড। স্থানীয় রাজনৈতিক মহলের দাবি, রাজ্যে পালাবদলের পর এটাই নদিয়ার প্রথম গ্রাম পঞ্চায়েত, যেখানে সরাসরি বিজেপি বোর্ড গঠন করল।

    দীর্ঘদিন ধরে তৃণমূলের নিয়ন্ত্রণে থাকা এই পঞ্চায়েতকে ঘিরে অতীতেও একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। বিজেপির নির্বাচিত পঞ্চায়েত সদস্যদের অভিযোগ ছিল, বিরোধী দলের সদস্য হওয়ায় তাঁদের কোনও কাজ দেওয়া হতো না। উন্নয়নের ক্ষেত্রেও রাজনৈতিক আনুগত্যকে গুরুত্ব দেওয়ার অভিযোগ তুলেছিলেন তাঁরা। যদিও সেই অভিযোগ বারবার অস্বীকার করেছিল তৎকালীন তৃণমূল নেতৃত্ব।

    বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর বিভিন্ন এলাকায় তৃণমূলের জনপ্রতিনিধিদের পদত্যাগের খবর সামনে আসে। তারই প্রভাব পড়ে যুগলকিশোর গ্রাম পঞ্চায়েতেও। বিজেপির স্থানীয় নেতৃত্বর দাবি, নির্বাচনের পর থেকেই তৃণমূলের প্রধান-সহ একাধিক সদস্য স্বেচ্ছায় পদত্যাগ করেন এবং পঞ্চায়েতের কাজে আর অংশ নেননি। ফলে স্বাভাবিক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়।

    এই পরিস্থিতিতে নতুন বোর্ড গঠনের দাবিতে বিডিও-র কাছে আবেদন জানান বিজেপির নির্বাচিত সদস্যরা। এ ব্যাপারে বৃহস্পতিবারের সরকারি বৈঠকে তৃণমূলের কোনও সদস্য উপস্থিত ছিলেন না। ফলে কার্যত বিনা লড়াইয়ে আট জন বিজেপি সদস্যকে নিয়ে নতুন বোর্ড গঠিত হয়।

    রানাঘাট উত্তর-পূর্ব কেন্দ্রের বিজেপি বিধায়ক অসীম বিশ্বাসের উপস্থিতিতে প্রধান নির্বাচিত হন আলপনা বিশ্বাস মজুমদার। উপপ্রধানের দায়িত্ব পান পুষ্পেন্দু বিশ্বাস। নতুন বোর্ড গঠনের পর পঞ্চায়েত চত্বরে বিজেপি কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। মাল্যদান, আবির খেলা এবং মিষ্টিমুখ করা হয় একে অপরের।

    নবনির্বাচিত প্রধান আলপনা বিশ্বাস মজুমদার বলেন, আগের বোর্ডে সাধারণ মানুষ প্রত্যাশিত পরিষেবা পেতেন না। বিরোধী সদস্যদের কোনও কাজ দেওয়া হতো না। এবার আমাদের লক্ষ্য হবে রাজনৈতিক ভেদাভেদ ভুলে মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া এবং প্রকৃত উন্নয়ন নিশ্চিত করা।

    বিজেপি বিধায়ক অসীম বিশ্বাসের দাবি, আবাস যোজনা, ১০০ দিনের কাজ-সহ একাধিক সরকারি প্রকল্পে অনিয়ম ও কাটমানি নেওয়ার অভিযোগ রয়েছে। তাঁর কথায়, রাজ্যে সরকার পরিবর্তনের পর তৃণমূলের প্রধান-সহ অধিকাংশ সদস্য পদত্যাগ করেছেন। উন্নয়নের কাজ যাতে থমকে না যায়, সেই কারণেই দ্রুত নতুন বোর্ড গঠন করা হয়েছে।

     
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)