বালি মাফিয়া যুধিষ্ঠির ঘোষ ও তৃণমূল নেতা নিতাই অধিকারীর পুলিশের গাড়ি ঘিরে ডিম বৃষ্টি
দৈনিক স্টেটসম্যান | ১২ জুন ২০২৬
এমন দৃশ্য আগে খুব কমই দেখেছে পাণ্ডবেশ্বরের মানুষ। পুলিশের গাড়িতে করে অভিযুক্তদের আদালতে নিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ জনতার তীব্র ক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকে। একদিকে অভিযুক্ত তৃণমূল নেতা, অন্যদিকে বালি মাফিয়া— দু’জনকে লক্ষ্য করে শুরু হয় ডিম ছোঁড়া। মুহূর্তের মধ্যে পুলিশের গাড়ির দিকে একের পর এক ডিম ছুঁড়ে বিক্ষোভ দেখায় উপস্থিত জনতা।
জানা গিয়েছে, ২০০২ সালের একটি পুরনো মামলায় জারি থাকা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে বালি ব্যবসায়ী তথা অভিযুক্ত বালি মাফিয়া যুধিষ্ঠির ঘোষকে গ্রেপ্তার করেছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ।
অন্যদিকে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় সন্ত্রাস সৃষ্টি, হুমকি এবং বোমাবাজির অভিযোগে নরেন ঘনিষ্ঠ তৃণমূল নেতা তথা পেশায় স্কুল শিক্ষক নিতাই (নিতু) অধিকারীকেও গ্রেপ্তার করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে পাণ্ডবেশ্বরের শ্যামলা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
বৃহস্পতিবার দুই অভিযুক্তকেই দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। আদালতে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় একদল মানুষ এবং অভিযুক্তদের উদ্দেশ্যে শুরু হয় এলোপাথাড়ি ডিম বৃষ্টি। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং নিরাপত্তার মধ্যেই দুই অভিযুক্তকে আদালতে পেশ করা হয়।