• তৃণমূল-সহ একাধিক দল ‘গ্রাস করে’ অখণ্ড কংগ্রেস! ২০২৯ ভোটের আগে নতুন ছক রাহুল গান্ধীদের?
    প্রতিদিন | ১২ জুন ২০২৬
  • ইন্ডিয়া জোট ‘অতীত’, এবার তৈরি হবে অখণ্ড কংগ্রেস! একাধিক দল নাকি নিজেদের হাত শিবিরে মিশিয়ে দিতে ইচ্ছুক, তার মধ্যে অন্যতম মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং শরদ পওয়ার। এমনটাই দাবি করেছেন মহারাষ্ট্রের কংগ্রেস নেতা নানা পাটোলে। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতির দাবি, একাধিক আঞ্চলিক দলকে ‘অধিগ্রহণ’ করে অখণ্ড কংগ্রেসের পথে এগোচ্ছেন রাহুল গান্ধীরা (Rahul Gandhi)।

    বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর প্রায় বিলুপ্ত হতে বসেছে তৃণমূল। একটা সময় কংগ্রেস (Congress) থেকে বেরিয়ে এসে নিজের দল গড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার তিনি কংগ্রেসে ফিরতে আগ্রহী, এমনটাই সূত্রের খবর। পাটোলের কথায়, একইরকম পরিকল্পনা করছেন এনসিপি শরদ শিবিরের প্রধান শরদ পওয়ারও। ১৯৯৯ সালে কংগ্রেস থেকে বহিষ্কৃত হয়ে এনসিপি গড়েছিলেন শরদ। পরে এই দল ভেঙে বেরিয়ে যান তাঁর ভাইপো অজিত। মারাঠা স্ট্রংম্যানের হাতছাড়া হয় দলীয় প্রতীক। এবার তিনিও হাতে মিশে যেতে রাজি। তাঁর দলের সঙ্গে কংগ্রেসের সংযুক্তিকরণের কথাবার্তা খানিকটা এগিয়ে গিয়েছে বলেও দাবি করেছেন নানা পাটোলে।

    সাংবাদিকদের মুখোমুখি হয়ে নানা বলেন, “পওয়ার সাহেব আগেই প্রস্তাব দিয়েছিলেন তাঁর দলকে কংগ্রেসের সঙ্গে সংযুক্ত করার জন্য। কিছু কারণে তা পিছিয়ে যায়। কিন্তু আমার মনে হয় বর্তমানে দেশজুড়ে যেরকম রাজনৈতিক পরিস্থিতি তাতে ভোট ভাগ বন্ধ করতে একটাই উপায়-সমমনস্ক দলগুলি এক হয়ে যাওয়া। সেই প্রক্রিয়া শুরু হয়েছে জাতীয় স্তরে। তৃণমূল, শরদ সাহেব সকলেই কংগ্রেসের সঙ্গে সংযুক্তিকরণ চাইছেন।” উল্লেখ্য, দিনকয়েক আগে শিব সেনা উদ্ধব শিবিরের নেতা সঞ্জয় রাউতও দাবি করেন, যে দলগুলি কংগ্রেস ছেড়ে বেরিয়ে গিয়েছিল তাদের এবার ফিরে আসা উচিত। কংগ্রেসকে শক্তিশালী করা দরকার।

    যদিও কংগ্রেস সূত্রে খবর, তৃণমূলকে নিয়ে তাড়াহুড়ো করবে না দল। হাত শিবির চাইছে, তৃণমূল আগে নিজে থেকে ‘আত্মসমর্পণ’ করুক। সংযুক্তিকরণের প্রস্তাব দিক। তারপর বিষয়টি ভেবে দেখা হবে। কিন্তু এই নিয়ে কংগ্রেসের তরফ থেকে কোনওরকম উদ্যোগ নেওয়া হবে না। উল্লেখ্য, বুধবার কংগ্রেস নেতা জয়রাম রমেশ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, তৃণমূলের সঙ্গে সংযুক্তিকরণের জল্পনা একেবারে ভিত্তিহীন। সত্যিই কি তাই? ২০২৯ নির্বাচনের আগে অখণ্ড কংগ্রেস গড়ার স্বপ্ন কি দেখছেন না রাহুলরা?
  • Link to this news (প্রতিদিন)