ভারতীয় নাবিকদের উপর লাগাতার আক্রমণ আমেরিকার, মার্কিন দূতকে তলব নয়াদিল্লির
প্রতিদিন | ১২ জুন ২০২৬
চারদিনে দু’বার ভারতীয় নাবিকদের জাহাজের উপর হামলা করেছে আমেরিকা। এবার গোটা ঘটনার জবাব চেয়ে মার্কিন দূতকে তলব করল বিদেশমন্ত্রক। জানা গিয়েছে, অতিরিক্ত সচিবের তরফ থেকে তলব করা হয়েছে মার্কিন ভারপ্রাপ্ত আধিকারিক জেসন মিকসকে। সাম্প্রতিক অতীতে হরমুজ প্রণালী এবং ওমান উপকূলে ভারতীয় নাবিকদের জাহাজ লক্ষ্য করে আছড়ে পড়েছে মার্কিন হামলা। গোটা বিষয়টির তীব্র নিন্দাও করেছে ভারত।
বুধবার ওমানের শিনাস বন্দরের কাছে এমটি জলবীর নামক জাহাজে হামলা হয়। এটি গিনি-বিসাউয়ের পতাকাবাহী। বাণিজ্যতরীটিতে মোট ২০ জন ভারতীয় নাবিক ছিলেন। পরে তাঁদের সকলকে উদ্ধার করা হয়। এই হামলার কয়েকঘন্টা পরেই দায় স্বীকার করে আমেরিকা। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্ট কম) তাঁদের এক্স হ্যান্ডলে একটি বিবৃতিতে জানিয়েছে, ইরানের তেল রপ্তানি ঠেকাতে জলপথে অবরোধ রয়েছে। সেই অবরোধ লঙ্ঘনের ‘শাস্তি’ ভুগতে হয়েছে ভারতীয় নাগরিক বোঝাই জাহাজকে। ওমান উপসাগরে বাণিজ্যতরীতে হামলায় ৩ ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে।
ইতিমধ্যেই মার্কিন হামলার তীব্র নিন্দা করেছে ভারত। বিদেশমন্ত্রকের বিবৃতিতে এই ধরনের হামলার ঘটনাকে ‘গভীরভাবে উদ্বেগজনক’ বলা হয়েছে। সেই সঙ্গে সতর্কতামূলক পদক্ষেপ নিতে নির্দেশিকাও দিয়েছে সরকার। জাহাজ ও জলপরিবহন মন্ত্রক জানিয়েছে, ভারতীয় নাবিকদের সময়মতো সহায়তা ও সহযোগিতা নিশ্চিত করতে বিদেশমন্ত্রক, ভারতীয় নৌবাহিনী, বিদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস, ‘বন্ধু’ দেশগুলির উপকূলীয় প্রশাসন, জাহাজ পরিচালনাকারী সংস্থা, নাবিক কল্যাণ সংগঠন এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে লাগাতার যোগাযোগ রাখা হচ্ছে।
তবে ‘বন্ধু’ আমেরিকাকে মোটেই ছাড় দেবে না ভারত। সেকারণেই লাগাতার হামলার পর মার্কিন দূতকে তলব করা হয়েছে। সূত্রের খবর, এই মুহূর্তে হরমুজ প্রণালীর কাছাকাছি অন্তত ১৩টি জাহাজে ৬২২ জন ভারতীয় নাবিক রয়েছেন। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে ভারত। তবে এই তলব ঘিরে মার্কিন দূতের প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।