সুরক্ষায় ঢিলেমির দিন এবার শেষ, লাইফ জ্যাকেট-ইনস্যুরেন্স ছাড়া সমুদ্রে গেলেই কড়া ব্যবস্থা
News18 বাংলা | ১২ জুন ২০২৬
সমুদ্রে মৎস্যজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে সাগরে গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সাগরের বিধায়ক সুমন্ত মন্ডল। সমুদ্রে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবি বা নিখোঁজ হওয়ার ঘটনা এড়াতে মৎস্যজীবীদের নিরাপত্তা ও সচেতনতায় জোর দিয়েছে প্রশাসন।
সমুদ্রে পাড়ি দেওয়ার আগে মৎস্যজীবীদের সুরক্ষাবিধি নিশ্চিত করা এবং একগুচ্ছ কড়া নিয়মাবলী স্মরণ করিয়ে দেওয়া হয় সেখানে। সেখানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন বিডিও, সাগর থানা ও কোস্টাল থানার আধিকারিক, বন দফতর, মৎস্য দফতর এবং কোস্ট গার্ডের উচ্চপদস্থ আধিকারিকগণ। সভায় প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে একাধিক নির্দেশিকা।
বলা হয়েছে, এবার থেকে সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে কোনওরকম ঢিলেমি বরদাস্ত করা হবে না। মৎস্যজীবীদের জন্য একগুচ্ছ নির্দেশিকা বাধ্যতামূলক করা হয়েছে। সমুদ্রে পাড়ি দেওয়ার সময় প্রত্যেক মৎস্যজীবীর লাইফ জ্যাকেট পরা বাধ্যতামূলক। মাছ ধরতে যাওয়ার সময় মৎস্যজীবীদের নিজেদের লাইসেন্স এবং নৌকার মূল নথিপত্র সঙ্গে রাখতে হবে। আকস্মিক বিপদের হাত থেকে পরিবারকে সুরক্ষিত রাখতে প্রত্যেক মৎস্যজীবীর বিমা বা ইনস্যুরেন্স থাকা বাধ্যতামূলক করা হয়েছে।