• ওর ক্যামেরাতেই বন্দি হয়েছিল আমেদাবাদের দুর্ঘটনা, খ্যাতির আড়ালে আজ অদ্ভুত আতঙ্কে ‘এরোপ্লেন বয়’
    এই সময় | ১২ জুন ২০২৬
  • ঠিক এক বছর আগের এক অভিশপ্ত দিন। ২০২৫ সালের ১২ জুন আহমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে ওড়ার ৩২ সেকেন্ডের মধ্যে ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার ‘AI-171’ বিমানটি। ভারতের অন্যতম ভয়াবহ সেই বিমান দুর্ঘটনার এক বছর পূর্তিতে আজ শোক পালন করছে নিহত ২৬০ জনের পরিবারবর্গ। তাঁদের কারও সঙ্গে দূরদূরান্ত অবধি সম্পর্ক না থাকলেও সেই ভয়াবহ ঘটনার ট্রমা থেকে এখনও বের হতে পারেনি গুজরাটের এক কিশোর। দুর্ঘটনাবশত সেই ধ্বংসলীলা তার মোবাইলের ক্যামেরায় লেন্সবন্দি করেছিল আরিয়ান আসারি। আর তার পর থেকে সেই ঘটনা আজও তাড়া করে বেড়াচ্ছে এই তরুণকে।

    গুজরাটের আরাবল্লি জেলার মেঘরাজ তালুকের এক গ্রামে বাড়ি আরিয়ানের। তাঁর বাবা অবসরপ্রাপ্ত সেনা কর্মী, থাকেন আমেদাবাদের মেঘানীনগর এলাকায়। গত বছর ১২ জুন তারিখেই দ্বাদশ শ্রেণির বই কিনতে আহমেদাবাদে বাবার কাছে এসেছিল আরিয়ান।

    মেঘানীনগরের সেই বাড়ির খুব কাছে আমেদাবাদ বিমানবন্দর। বাড়ির ছাদ থেকে খুব কম উচ্চতায় বিমান উড়ে যাচ্ছে দেখে তার মোবাইল ক্যামেরা অন করেছিল আরিয়ান। গ্রামে ফিরে গিয়ে বন্ধুদের দেখাবে সেই ভিডিয়ো।

    সেই বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি যে আরও উচ্চতায় না উঠে মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে একটি বিশাল আগুনের গোলা হয়ে জ্বলে যাবে, তা আরিয়ান ভাবতেও পারেনি। তার চোখের সামনে চলে গিয়েছিল বিমানে থাকা ২৪১ জন আরোহী ও মাটিতে থাকা আরও ১৯ জনের প্রাণ।

    ওই অভিশপ্ত ঘটনার পর থেকে গ্রামে তো বটেই, সোশ্যাল মিডিয়া এবং সংবাদমাধ্যমেও ১৮ বছরের আরিয়ানের একটা নতুন নাম হয়েছে: ‘এরোপ্লেন বয়’। গ্রামে বা কোনও বিয়েবাড়িতে গেলে মানুষ তাকে এই নামে এক ডাকে চিনছে, সেলিব্রিটি তকমা দিচ্ছে। কিন্তু সেই হঠাৎ পাওয়া পরিচিতির আড়ালে লুকিয়ে থাকা এক আতঙ্ক আজও তাকে তাড়া করে বেড়াচ্ছে।

    ‘এরোপ্লেন বয়’ নাম হতে পারত এমন কোনও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের, যে শুধু বিমানের ভিডিয়ো তোলে, বিমান নিয়ে কনটেন্ট তৈরি করে। অথচ, সেই ঘটনার পর থেকে মোবাইলে বিমানের ছবি বা ভিডিয়ো তোলা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে ‘এরোপ্লেন বয়’ ওরফে আরিয়ান। সে জানিয়েছে, তার মনে এক অদ্ভুত কুসংস্কার ও ভীতি দানা বেঁধেছে: সে কোনও বিমানের ভিডিয়ো রেকর্ড করলেই বুঝি সেই বিমানটি ভেঙে পড়বে!

    দ্বাদশ শ্রেণির বই কিনতে আমেদাবাদে এসে ঘটনাচক্রে ‘AI-171’ বিমানটির শেষ পরিণতি রেকর্ড করে ফেলেছিল সে। ইতিমধ্যে দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলেজে ভর্তির জন্য প্রস্তুত সে। ভবিষ্যতে উচ্চশিক্ষার জন্য বা কাজের সূত্রে বিদেশে পাড়ি দেওয়ারও ইচ্ছা রয়েছে তার। কিন্তু কী ভাবে যাবে? একটা বড় বাধা কাটাতে হবে তার আগে। আমেদাবাদের বিমান দুর্ঘটনার ভিডিয়ো রেকর্ড করা ছেলেটা যে বিমানে চড়ার সাহসই হারিয়ে ফেলেছে।

  • Link to this news (এই সময়)