• আদালতে পরাজয়ের ক্ষোভ! প্রকাশ্য রাস্তায় বাবাকে ছুরির কোপ মেরে খুন ছেলের
    বর্তমান | ১২ জুন ২০২৬
  • মুম্বই, ১২ জুন: সম্পত্তি নিয়ে বাবার সঙ্গে চরম বচসা। তারপর হাতাহাতি। অবশেষে ছুরির কোপ। ছেলের হাতেই খুন হতে হল বাবাকে। সম্পত্তি সংক্রান্ত মামলায় আদালতে পরাজিত হওয়ার পর নিজের ৮২ বছর বয়সি বাবাকে প্রকাশ্য রাস্তায় ছুরিকাঘাত করে খুন করার অভিযোগ উঠল মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে এক ব্যক্তির বিরুদ্ধে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতের নাম জাফর কামারউদ্দিন সাইয়েদ প্যাটেল। তিনি জলসম্পদ দফতরের অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন। তাঁর ছেলে আব্দুল রহমানের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক ও সম্পত্তিগত বিরোধ চলছিল। অভিযোগ, আব্দুল রহমান নিয়মিত পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া-বিবাদ করতেন এবং তাঁদের উপর শারীরিক নির্যাতনও চালাতেন। পরিস্থিতি অসহনীয় হয়ে ওঠায় জাফর প্যাটেল নিজের বাড়ি ছেড়ে মেয়ের বাড়িতে, পুনেতে চলে যান। পরে তিনি আদালতে মামলা করে ছেলেকে বাড়ি থেকে উচ্ছেদের আবেদন জানান। প্রায় দুই বছর ধরে চলা আইনি লড়াইয়ের পর আদালত জাফর প্যাটেলের পক্ষে রায় দেয় এবং বাড়ির মালিকানা তাঁর হাতেই ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয়। আদালত থেকে উচ্ছেদের নির্দেশ নিয়ে বাড়ি ফেরার সময় ক্ষোভে ফেটে পড়েন আব্দুল রহমান। তিনি বাবার অটোরিকশার পথ আটকে দেন এবং রাস্তায় সবার সামনে তাঁকে একাধিকবার ছুরিকাঘাত করেন। গুরুতর জখম অবস্থায় জাফর প্যাটেলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও তাঁর শেষ রক্ষা হয়নি। এই হামলায় জাফর প্যাটেলের মেয়েও আহত হন, যিনি সেই সময় বাবার সঙ্গেই ছিলেন। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুল রহমানকে গ্রেফতার করে।
  • Link to this news (বর্তমান)