• ফের অভিষেকের বাড়িতে সিআইডি! সই জালিয়াতির পর এবার নাম জড়াল সাইবার মামলাতেও
    বর্তমান | ১২ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাইবার মামলায় নোটিশ দিতে আজ, শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেলেন সিআইডি আধিকারিকরা। সই জালিয়াতি মামলার পর এবার তাঁর নাম জড়াল ভোট প্রচারে উষ্কানিমূলক মামলাতেও। ফলাফল বের হওয়ার পরে ‘ডিজে বাজানোর’ বিষয়টি নিয়ে প্রথমে বাগুইআইটি থানায় অভিষেকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। পরে তার তদন্ত শুরু করে বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম থানা। শেষে মামলার তদন্তভার আসে সিআইডির হাতে। এদিন দুপুর সাড়ে ৪টে নাগাদ অভিষেকের বাড়িতে যান সিআইডির-র আধিকারিকরা। ওই সময় অবশ্য বাড়িতে ছিলেন না অভিষেক। সূত্রের খবর, সিআইডির আসার কিছুক্ষণ আগেই তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর সিআইডি আধিকারিকরা এলে বাড়ির নিরাপত্তারক্ষীরা জানান, অভিষেক মিটিং করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছেন। শেষে কিছুক্ষণ অপেক্ষা করে নোটিশ দিতে না পেরেই ফিরে যান সিআইডি আধিকারিকরা। পরে সন্ধ্যা ৭টা ২০ মিনিট নাগাদ বাড়িতে ফেরেন অভিষেক। সাংবাদিকদের মুখোমুখি হওয়ার পর বাড়িতে ঢুকে যান। তখন ফের আসেন সিআইডি আধিকারিকরা। বন্ধ গেটের সামনে কিছুক্ষণ অপেক্ষা করেন তারা। এরপর অভিষেকের অফিসের এক স্টাফের হাতে নোটিশ তুলে দেওয়া হয়।  আগামী সপ্তাহেই অভিষেককে এই মামলায় তলব করা হতে পারে বলে জানা যাচ্ছে। অন্যদিকে, এই ঘটনার কিছু সময় পরেই অভিষেকের বাড়ির সামনে উপস্থিত হন তাঁর আইনজীবীরা। সিআইডি আসার বিষয়ে তাঁদের জিজ্ঞাসা করা হলে বলেন, এই বিষয়ে তাঁরা আপাতত কিছুই জানেন না। পুরো বিষয়টি জেনে পরে তাঁরা এই বিষয়ে বিস্তারিত জানাতে পারবেন। 

    প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনী প্রচারের সময়ে অভিষেক বলেন, ৪ মে-র ভোটের ফল ঘোষণা হওয়ায় পর রবীন্দ্র সঙ্গীতের পাশাপাশি ডিজেও বাজানো হবে। তখনই অভিযোগ ওঠে, এই বক্তব্যের মাধ্যমে বিরোধী দলের রাজনৈতিক নেতা-কর্মীদের থুড়ি গেরুয়া শিবিরকে হুমকি দেওয়া হয়েছিল। ডিজে বাজানো আসলে ভোট পরবর্তী হিংসার ইঙ্গিত বলেই দাবি করেছিলেন অনেকে। উল্লেখ্য, সই জালিয়াতি মামলায় তিনবার নোটিশ পাওয়ার পর অবশেষে গতকাল ভবানীভবনে যান অভিষেক। প্রায় সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর বের হন তিনি। ওই মামলায় ফের আগামী ১৪ জুন সিআইডির কাছে ফের হাজিরা দিতে হবে তাঁকে। ভবানীভবনে যাওয়ার আগে অবশ্য রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থও হয়েছিলেন তিনি। তবে আদালত সাফ জানিয়ে দেয়, তদন্তে সহযোগিতা করলে তবেই তাঁকে রক্ষাকবচ দেওয়া হবে। এরপরই নয়াদিল্লি থেকে কলকাতা ফেরার পর কালীঘাটের বাড়ি যান। সেখানে থেকে সোজা চলে যান ভবানীভবনে।  
  • Link to this news (বর্তমান)