সূত্রের খবর, লোকসভার স্পিকার ওম বিড়লাকে তৃণমূল কংগ্রেসের ১৯ জন সাংসদ চিঠি দিয়েছেন। তাঁরা আর্জি জানিয়েছেন আলাদা ব্লক গঠন করার। জল্পনা আগে থেকেই ছিল, এবার কারা সেই ১৯ জন বিদ্রোহী তৃণমূল সাংসদ সেটা প্রকাশ্যে এল।
এদিন একাধিক ছবি প্রকাশ্যে আসে যেখানে একাধিক তৃণমূল সাংসদের নাম এবং সই রয়েছে। যদিও তাঁদের এই সইগুলো স্পিকারকে পাঠানো চিঠির অংশ কিনা সেটা এখনও স্পষ্ট নয়। তবে যে ছবিগুলো বর্তমানে 'ভাইরাল' সেখানে কাদের কাদের নাম রয়েছে? ঘাটালের সাংসদ দেব, মেদিনীপুরের জুন মালিয়া, যাদবপুরের সায়নী ঘোষের মতো সাংসদের নাম রয়েছে। রয়েছে ডেপুটি লিডার শতাব্দী রায়, মুর্শিদাবাদের আবু তাহের খান, বহরমপুরের ইউসুফ পাঠান, আরামবাগের মিতালি বাগ, কলকাতা দক্ষিণের মালা রায়, চিফ হুইপ কাকলি ঘোষ দস্তিদার, মথুরাপুরের বাপি হালদার, হাওড়ার প্রসূন ব্যানার্জি, কোচবিহারের জগদীশ বর্মা বসুনিয়া, বোলপুরের অসিত মাল, জঙ্গিপুরের খলিলুর রহমান, প্রমুখের নামও। কালীপদ সোরেন, পার্থ ভৌমিক, শর্মিলা সরকার, অরূপ চক্রবর্তীর সইও রয়েছে।
তবে এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এবং যাদবপুরের সায়নী ঘোষের সই থাকলেও এই তালিকায় তাঁদের সই নেই। আলাদা আছে। সূত্রের খবর তাঁরা নাকি পরে সই করেছেন। তবে যে ১৯ জন বিদ্রোহী সাংসদের সই প্রকাশ্যে এসেছে, সেটা স্পিকারকে দেওয়া চিঠির অংশ কিনা তার সত্যতা আজকাল ডট ইন যাচাই করেনি।
কেন এই চিঠি? সূত্রের খবর, তাঁরা আলাদা ব্লক চান, কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে। বিদ্রোহী তৃণমূল সাংসদদের এই নতুন ব্লক এনডিএকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে বলেই জানা গিয়েছে। এই বিষয়ে জুন মালিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিছু বলতে চাননি।
প্রসঙ্গত, সম্প্রতি শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছেন দেব, জুন মালিয়া। শতাব্দী রায়ের বাসভবনে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেখানে ছিলেন তৃণমূলের আরও একাধিক নেতা।