মোদি সরকারের ১২ বছর পূর্ণ! একাধিক প্রকল্প নিয়ে উচ্ছ্
আজকাল | ১৩ জুন ২০২৬
আজকাল ওয়েবডেস্কঃ শুক্রবার প্রধানমন্ত্রী মোদির ১২ বছর পূর্ণ হওয়ার উপলক্ষ্যে নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ দিনের অনুষ্ঠানে জনকল্যাণ, দেশসেবা এবং পুনর্নিমাণে মোদির উল্লেখযোগ্য ভূমিকাকে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। বিগত বছরগুলিতে প্রধানমন্ত্রী দেশের জন্য কী কী উন্নয়নমূলক কাজ করেছেন, সেই খতিয়ান তুলে ধরেন। পাশাপাশি, এ দিন নরেন্দ্র মোদির উল্লেখযোগ্য কাজের নিদর্শন তুলে ধরার জন্য বিশেষ প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে কনভেশন সেন্টারে।
এ দিনে অনুষ্ঠানে উপস্থিত লকেট চট্টোপাধ্যায়, শশী অগ্নিহোত্রী, প্রধান মুখপাত্র দেবজিত সরকার, বিমল শংকর নন্দ, বিধায়ক পীযূষ কানোদিয়াকে ধন্যবাদ জানিয়ে বৈঠক শুরু করেন মুখ্যমন্ত্রী। প্রথমেই বলেন, "শুধু প্রধানমন্ত্রী হিসাবে ১২ বছর নয়। মোদি একজন দেশসেবক এবং মন্ত্রী হিসাবে আগামী অক্টোবরে ২৫ বছর পূর্ণ করবেন। বিগত বছরগুলিতে ভারতবর্ষের ঐতিহ্য, প্রগতি ও বিকাশকে অগ্রাধিকার দিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর অবদান ও কৃতিত্ব অপরিসীম। ২০১৪ থেকে শুরু হওয়া উন্নয়নের এই যাত্রা থামার নয়। ২০৪৭ সালের মধ্যেই প্রধানমন্ত্রীর স্বপ্নের বিকশিত ভারত বাস্তবায়িত হবে।"
প্রধানমন্ত্রীর সময়কালে নারীদের কথা ভেবে যে সমস্ত প্রকল্প চালু করা হয়েছে, তারও উল্লেখ করেন শুভেন্দু অধিকারী। নারী শক্তি বন্ধন, লাখপতি দিদি প্রকল্পের মাধ্যমে নারী ক্ষমতায়নের জন্য মোদির নানা উদ্যোগেরও কথা বলেন। সংসদে মহিলাদের এক তৃতীয়াংশ আসন সংরক্ষণ অথবা নারী নিরাপত্তার ক্ষেত্রেও একাধিক আইন সুরক্ষিত করেছেন প্রধানমন্ত্রী বলে দাবি করেন শুভেন্দু। এ ছাড়া, নারীদের জন্য সংসার পরিচালনায় তাঁদের কাছে যে সুযোগসুবিধা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী, সে কথাও ফের স্মরণ করিয়ে দেন তিনি।
শুভেন্দু বলেন, "প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত প্রকল্পের অধীনে দেশব্যাপী ১৪ কোটি শৌচালয় নির্মাণ করেছেন। এ ছাড়া প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা, জলজীবন মিশন, পিএম কিষাণ প্রকল্প চালু করা হয়েছে। যার মাধ্যমে ৮১ কোটি মানুষকে বিনামূল্যে রেশন পাচ্ছেন, পরিশ্রুত পানীয় জলের পরিষেবা পাচ্ছেন।"
প্রধানমন্ত্রীর প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, " দেশে চার লক্ষ কিলোমিটার পাকা রাস্তা তৈরি হয়েছে গ্রাম সড়ক যোজনার মাধ্যমে। পাশাপাশি, পরিকাঠামো উন্নয়নের উপরেও বিশেষ জোর দেওয়া হয়েছে। এতদিন যেখানে বিমান বন্দরের সংখ্যা ছিল ৬৪ এখন সেখানে ৯০ টির বেশি এয়ারপোর্ট তৈরি হয়েছে। স্বচ্ছ ভারতের আওতায় ১৪ কোটি শৌচাগার, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৫ কোটি বাড়ি তৈরি করা হয়েছে।"
বাংলায় ক্ষমতায় আসার পর মোদিজীর নেতৃত্বে অন্য রাজ্যগুলি যে সুবিধা পাচ্ছে, সেই সুবিধা পাবে বলেও আশ্বাস দেন শুভেন্দু। বলেন, "প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গকে নতুন করে পুনর্নির্মাণের তা ঐকান্তিক হাত বাড়িয়ে দিয়েছেন। প্রত্যেকটা দপ্তরের মন্ত্রীরা আসছেন। আমরাও দিল্লিতে যাচ্ছি। নানা চুক্তি স্বাক্ষরিত হচ্ছে। আগামী ২০ জুন পশ্চিমবঙ্গ দিবসে প্রধানমন্ত্রী তারকেশ্বরে আসবেন। সেখান থেকেও দেশ এবং রাজ্যের উন্নয়নে নানা কর্মসূচি তার হাতে আমরা উদ্বোধন করব। সেই অপেক্ষায় আছি। ৮,৫০০ কোটি টাকা পশ্চিমবঙ্গ এর জন্য বরাদ্দ করা হয়েছে। ভবিষ্যতে দেশের অন্যান্য রাজ্যের মতোই আত্মনির্ভর পশ্চিমবঙ্গ তৈরি হবে।"