• কারা পাবে এবারের পুজোর অনুদান?
    আজকাল | ১৩ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে পালাবদলের পর থেকেই পূর্বতন সরকারের একাধিক আর্থিক অনুদান প্রকল্প নিয়ে জলঘোলা চলছিল। বিশেষ করে ধর্মের ভিত্তিতে দেওয়া অনুদানগুলো বন্ধ হওয়া নিয়ে সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন দেখা দিয়েছিল। এই আবহে এবার দুর্গাপুজোর সরকারি অনুদান নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট জানান, পুজোর অনুদান দেওয়ার বিষয়ে এখনও পর্যন্ত মন্ত্রিসভায় কোনও আনুষ্ঠানিক আলোচনা বা সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে সরকার যে ঢালাও অনুদানে বিশ্বাসী নয়, তা তাঁর কথাতেই স্পষ্ট। মুখ্যমন্ত্রী বলেন, যাদের সত্যিই এই অর্থের প্রয়োজন রয়েছে, আগামী দিনে তারাই পুজোর অনুদান পাবে।

    এর আগে রাজ্যের নতুন বিজেপি সরকার এক বড়সড় সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিল। গত ১৮ই মে রাজ্য মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকের পর নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, পূর্বতন তৃণমূল সরকার ধর্মের ভিত্তিতে আর্থিক অনুদানের যে সমস্ত প্রকল্প চালু করেছিল, সেগুলো ১লা জুন থেকে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হচ্ছে। পূর্বতন জমানায় তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধীনে পুরোহিত ভাতা এবং সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনে ইমাম ও মোয়াজ্জেম ভাতার মতো মাসিক আর্থিক অনুদান প্রকল্প চালু ছিল। নতুন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এই ধর্মীয় ভাতাগুলো বন্ধ করা হলেও, অগ্নিমিত্রা পাল নিশ্চিত করেছেন যে সংখ্যালঘু ছাত্রছাত্রীদের দেওয়া স্কলারশিপ বা বৃত্তি কোনওভাবেই বন্ধ হচ্ছে না।

    এদিকে এদিন কেন্দ্রীয় স্তরে নরেন্দ্র মোদি সরকারের ১২ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২০১৪ সাল থেকে শুরু হওয়া মোদি সরকারের এই দীর্ঘ উন্নয়ন যাত্রার খতিয়ান তুলে ধরে তিনি বলেন, দেশের সার্বিক প্রগতির এই ধারা আগামী দিনেও থামবে না। ২০৪৭ সালের মধ্যে একটি 'বিকশিত ভারত' গড়ে তোলাই যে তাঁদের মূল লক্ষ্য, সে কথাও সাংবাদিকদের সামনে জোর দিয়ে বলেন মুখ্যমন্ত্রী। এই উৎসবের আবহের মাঝেই আজ মালদায় এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে যোগ দিতে রওনা হচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যেখানে জেলার একাধিক উন্নয়নমূলক কাজের পর্যালোচনা করা হবে।
  • Link to this news (আজকাল)