পেট্রাপোল দিয়ে বাংলাদেশে গেলেন ভারতীয় হাই কমিশনার
আজকাল | ১৩ জুন ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশ ভারতীয় হাই কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন দীনেশ ত্রিবেদীI শুক্রবার তিনি পেট্রাপোল বন্দর দিয়ে সড়ক পথে বাংলাদেশে যান। যাওয়ার পথে পেট্রাপোল বন্দরে স্বাগত জানান বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার ও ল্যান্ডফোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার পেট্রাপোলের ম্যানেজার কমলেশ সাইনি। অন্যদিকে, বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তিতে বিএসএফ জানিয়েছে, বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মধ্যে ৫৭তম ডিরেক্টর জেনারেল পর্যায়ের সীমান্ত সমন্বয় সম্মেলন ৮ থেকে ১১ জুন পর্যন্ত নয়াদিল্লির বিএসএফ সদর দপ্তরে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ভারতীয় নেতৃত্ব দিয়েছেন বিএসএফ-এর ডিরেক্টর জেনারেল প্রবীণ কুমার, আইপিএস এবং বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন বিজিবি-র মেজর জেনারেল মহম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকি।
আলোচনায় উভয় পক্ষ মাদক, অস্ত্র, জাল টাকা, সোনা ও অন্যান্য সামগ্রী পাচার, অবৈধভাবে সীমান্ত অতিক্রম এবং মানব পাচার-সহ আন্তঃসীমান্ত অপরাধ কার্যকরভাবে প্রতিরোধের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করে। দুই প্রতিনিধিদল সীমান্ত এলাকায় মৃত্যু এবং অবৈধ, অনিচ্ছাকৃত, বলপূর্বক সীমান্ত অতিক্রম, সীমান্ত পরিকাঠামো নির্মাণ, যৌথ উদ্যোগে সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন এবং সীমান্ত বরাবর উদ্ভূত নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতার প্রয়োজনীয়তা সম্পর্কিত বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে। উভয় পক্ষ ভারত-বাংলাদেশ সীমান্তে শান্তি, স্থিতিশীলতা ও স্থায়িত্ব বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত রেখেছে। সীমান্তের কার্যকলাপ সম্পর্কে সীমান্তবাসীকে সচেতন করা এবং সীমান্ত এলাকায় অবৈধ কার্যকলাপ প্রতিরোধে বৃহত্তর জনসচেতনতা বৃদ্ধির ওপরও জোর দেওয়া হয়।
২০২৬ সালের ১১ জুন যৌথ আলোচনাপত্র স্বাক্ষরের মাধ্যমে সম্মেলনটি সমাপ্ত হয়। উভয় প্রতিনিধিদলই আস্থা প্রকাশ করেছে যে, গৃহীত সিদ্ধান্তের ফলে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বাড়বে এবং ভারত-বাংলাদেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্কও গভীর হবে। পরবর্তী সম্মেলনটি ২০২৬ সালের নভেম্বরে ঢাকায় আয়োজন করার প্রস্তাব দেওয়া হয়েছে।
হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের অনেকটাই অবনতি হয়েছিল৷ একাধিক ভারত-বিদ্বেষী বক্তব্য শোনা গিয়েছে সে দেশের নেতাদের গলায়৷ বিদেশের মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে অনেকটা ভাটা পড়েছে৷ বাংলাদেশের নতুন সরকার তৈরি হলেও একাধিক বিষয়ে দু'দেশের মধ্যে বিতর্ক রয়েই গিয়েছে। রাজ্য পালাবদলের পর বাংলাদেশীদের চিহ্নিত করে হোল্ডিং সেন্টারে রেখে বাংলাদেশে পাঠানো হচ্ছে৷ এর ফলে একাধিক সীমান্ত এলাকায় উত্তেজনার পরিবেশ তৈরি হচ্ছে। সেই পরিস্থিতিতে দুই দেশের সেনার বৈঠকের পরেই বাংলাদেশের ভারতীয় হাই কমিশনার হিসেবে সে দেশে পাঠানো হল দিনেশ ত্রিবেদীকে৷